উপদেষ্টা এম এ মতিন কে প্রাণনাশের হুমকি
যোগাযোগ এবং নৌ-পরিবহন উপদেষ্টা মেজর জেনারেল (অব:) এমএ মতিনকে কে বা কারা উড়ো চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে। গত মঙ্গলবার চিঠিটি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চিঠিটি স্বরাষ্ট্র সচিব আবদুল করিমের দপ্তরে জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “কে বা কারা চিঠিটি দিয়েছে তা আমি জানি না। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “ওই হুমকি নিয়ে কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। কারণ আমি মামলায় বিশ্বাস করি না। আমার বিরুদ্ধে যে কেউ ইচ্ছা করলে মামলা করতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে মামলা করবো না।’
তিনি বলেন, “কোনো হুমকিই আমাকে আমার দায়িত্ব থেকে সরিয়ে আনতে পারবে না। আমি আমার মতোই কাজ করে যাবো। আমার বয়স ইতোমধ্যে ৬৪ পেরিয়ে গেছে। দেশের জন্য কাজ করতে গিয়ে মৃত্যুকে ভয় পাই না।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে দেওয়া হুমকির চিঠিটি তদন্ত করে দেখছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
