নাজমুল হুদার আটকাদেশ অবৈধ সিগমাকে আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশ
সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নাজমুল হুদার স্ত্রী এডভোকেট সিগমা হুদাকে আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে আদালত সরকারকে নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুইটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
গত ৩ ফেব্র“য়ারি গভীর রাতে যৌথবাহিনী ব্যারিস্টার নাজমুল হুদাকে গ্রেফতার করে। ৫ ফেব্র“য়ারি তাকে বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। গত ১ মার্চ এই আটকাদেশের মেয়াদ আরও একমাস বাড়ানো হয়। নাজমুল হুদার পক্ষে তার মেয়ে অন্তরা সেলিনা হুদার আবেদনের শুনানি করে আদালত এই রায় দেয়। আবেদনটির শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও সিগমা হুদা।
এদিকে হাইকোর্টের একই বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান এডভোকেট সিগমা হুদা। আদালত তার সেই আবেদন নাকচ করে দিয়ে আইনগত প্রক্রিয়া ছাড়া সিগমা হুদাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়।
জামিনের আবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে দুর্নীতি কমিশন প্রকাশিত ৫০ জনের দ্বিতীয় তালিকায় এডভোকেট সিগমা হুদার নাম রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি আশংকা করছেন তাকে গ্রেপ্তার বা হয়রানি করা হতে পারে।
আদালত বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া আগাম জামিনের আবেদন করা যায় না। সংক্ষিপ্ত শুনানি করে আদালত আইনগত প্রক্রিয়া ছাড়া সিগমা হুদাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেয়। তার পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট ফৌজিয়া করিম।
