দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরে এলে দেশে উন্নয়ন হবে:হাসিনা
শেখ হাসিনা বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে যত দ্রুত দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে তত দ্রুত দেশের উন্নয়ন হবে।
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনা একথা বলেন।
৪ দলীয় জোট সরকারের সময় নারীদের ওপর নির্যাতন হয়েছে দাবি করে হাসিনা এসবের তদন্ত ও বিচারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান।
একই সঙ্গে তিনি শাহ এ এম এস কিবরিয়া ও আহসানউল্লাহ মাষ্টার সহ দলীয় নেতা-কর্মীদের হত্যাকান্ডের পুন:তদন্তের দাবি করেন।
হসিনা বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করবে।
দলের নারী কর্মীদের উদ্দেশে হাসিনা বলেন,“আন্দোলন - সংগ্রামের মতো নারী উন্নয়নেও নারীদের বলিষ্ট ভুমিকা রাখতে হবে।”
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদিকা এডভোকেট সাহারা খাতুন দলীয় সভানেত্রীর বাসভবন সুধা সদনে যৌথ বাহিনীর তল্লাশির নিন্দা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. সুলতানা শফি বলেন, নারীরা যেনো আগামী নির্বাচনে অবাধে ভোট দিতে পারে সে ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারকে করতে হবে।
মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন,মতিয়া চৌধুরী, অধ্যাপিকা নাজমা রহমান, ডা. দীপু মণি, রওশন আরা সাথী, শাহিদা খানম শাহিন ও শাহেদা তারেক দিপ্তী। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ড. শিরীণ শারমিন ।
