ঢাবি ও বুয়েট ক্যান্টিনে ভেজালবিরোধী অভিযান, জরিমানা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল, মধুর ক্যান্টিন ও বুয়েট ক্যাফেটেরিয়ায় ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পঁচাত্তর হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
দুপুর ২টা থেকে মূখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চলে।
আদালত মধুর ক্যান্টিনের রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ এক প্যাকেট কেক, ময়দার উপর নোংরা তোয়ালে পান। রান্নাঘর ছিল অপরিচ্ছন্ন।
ম্যাজিস্ট্রেট মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে কে বিশুদ্ধ খাদ্য আইনের ‘২৩’ ও ‘২৪’ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
এরপর ভ্রাম্যমাণ আদালত সলিমুল্লাহ মুসলিম হলে গিয়ে রান্নাঘরে পচা ভাজা মাছ এবং পচা ভাত পান। এসময় সলিমুল্লাহ হলের ক্যান্টিন ম্যানেজার সেলিম এবং তার সহকারী ফারুক পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
এরপর অভিযান চলে বুয়েট ক্যাফেটেরিয়ায়। রান্নাঘরের ফ্রিজে রাখা কাঁচা মাংসের মধ্যে এ সময় পাওয়া যায় সিঙ্গারা এবং সমুচার কিমা। সেখান থেকে গোলাপ জলও উদ্ধার করা হয়। আদালত ডিসিসি’র ৩৯ ধারার রাসায়নিক দ্রব্যের আইনানুযায়ী ক্যান্টিন ম্যানেজার মো. নুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। হলের ক্যান্টিনের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজে কাচা মাংসের ওপর আচার রাখা ছিল। এ কারণে ক্যান্টিন ম্যানেজার মফিজুল ইসলামকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।
