বাংলাভাইয়ের সহযোগী মাহাতাব খামারু গ্রেপ্তার
-শীর্ষ জঙ্গি নেতা সিদ্দিকুর রহমান বাংলাভাইয়ের অন্যতম সহযোগী মাহাতাব খামারুকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীর বাগমারা থানার এসআই ইসমাইল হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার বেলা আড়াইটায় বাগমারা উপজেলার হমিরকুৎসা ইউনিয়নের তালঘরিয়া মসজিদ থেকে খামারুকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “মানুষকে ধরে নিয়ে গিয়ে হামিরকুৎসার রমজান কায়ার বাড়িতে বাংলা ভাইয়ের ক্যাম্পে নির্যাতন চালাতো খামারু। পলাশীর বাবু ও তাহেরপুরের ছাত্রলীগ নেতা মুকুল হত্যাসহ প্রায় ১০ টি হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে সে।”
বাগমারা থানা পুলিশ জানায়, ২০০৫ সালের ২৭ নভেম্বর র্যাব সদস্যরা খামারুকে আটক করে। এরপর রাজশাহীতে র্যাব---৫ এর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন ২৮ নভেম্বর র্যাবের গাড়িতে করেই আবার তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলে আত্মগোপনে চলে যায় খামারু।
ইসমাইল হোসেন জানান, শুক্রবার দুপুরে পুলিশ খবর পায় মাহাতাব খামারু তালঘরিয়াতে আছে। সাদা পোশাকে পুলিশের একটি দল এরপর তার বাড়িতে জানতে পারে সে পাশের মসজিদে নামাজ পড়তে গেছে। পুলিশ মসজিদ ঘিরে ফেলে এবং নামাজ শেষে খামারুকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহীর পুলিশ সুপার দিদার আহমেদ জানান, শনিবার খামারুকে আদালতে পাঠানো হবে।
