টাঙ্গাইলে ইউরিয়া সারের সঙ্কট তীব্র আকার ধারণ করছে
টাঙ্গাইলে পর্যাপ্ত সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকদের সামাল দিতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। শুক্রবার টাঙ্গাইল সদরের তোরাপতাহু বাজারে এ ঘটনা ঘটে।
বোরো মৌসুমকে সামনে রেখে টাঙ্গাইল অঞ্চলে ইউরিয়া সারের প্রচণ্ড সংকট চলছে। ডিলারদের কাছে পর্যাপ্ত সার না থাকায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে সার বিতরণ করা হচ্ছে কৃষকদের মধ্যে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাকিম উদ্দিন জানান, জেলায় জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসের জন্য বরাদ্দ করা ৫ হাজার ৪শ’ টন সার এখনো এসে পৌঁছে নি ডিলারদের মধ্যে। এছাড়া এ ছাড়া মার্চ মাসের চাহিদা অনুযায়ী বরাদ্দ করা ৯ হাজার ৯শ টনের মধ্যে এ পর্যন্ত এসে পৌঁছেছে মাত্র এক হাজার ৩৭০ টন সার।
শুক্রবার টাঙ্গাইল সদরের তোরাপতাহু বাজারে ৪০০ বস্তা সারের জন্য প্রায় তিন হাজার কৃষক উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মতিউল ইসলামের উপস্থিতিতে প্রতি বস্তা সার পাঁচজন করে কৃষকের মধ্যে বিতরণ করা হয়। এরপরও সার না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেক কৃষককে।
বাঘিল বাজার, আয়নাপুর বাজার এবং টাঙ্গাইল শহরের পাঁচ আনী বাজারেও সার না পেয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অবিলম্বে পর্যাপ্ত সার সরবরাহ করা না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।
