চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিতে যুবক নিহত
হাটহাজারীতে বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর ছুরির আঘাতে মীর মো. নাজিমুদ্দিন নামে এক যুবক মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পরিবেশক নাজিমুদ্দিন (৩৫) তার এক সহকারীকে নিয়ে বাড়ি ফেরার পথে গুমানমর্দন এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন।
৮/৯ জন ছিনতাইকারী তার ঘড়ি মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে নাজিমুদ্দিনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিমুদ্দিন উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মীর বাড়ির মীর বজল আহমদের ছেলে।
হাটহাজারী থানার এসআই মো. আরিফ জানান, নাজিমুদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
