বাগেরহাটে সাবেক হুইপ শহিদুলের ভাগ্নের আত্মসমর্পণ
পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম--সম্পাদক ও স্থানীয় সাপ্তাহিক পিরোজপুরের ডাক পত্রিকার সম্পাদক রেজাউল হক রিয়াজ শনিবার সকালে বাগেরহাট সেনাক্যাম্পে এসে ধরা দিয়েছেন।
তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ ও বরিশালের সাবেক এমপি শহিদুল হক জামালের ভাগ্নে। যৌথবাহিনীর ভয়ে কিছুদিন আগে তিনি পিরোজপুর থেকে পালিয়ে বাগেরহাটে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
বাগেরহাট সেনা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রিয়াজকে দুপুরে পিরোজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পিরোজপুর প্রতিনিধি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, দুপুর আড়াইটার দিকে রিয়াজকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আদালত তাকে একমাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।
রিয়াজের বিরুদ্ধে জোট সরকারের সময়ে চাঁদাবাজি ও টেন্ডাবাজির অভিযোগ আছে বলে জানান সদর থানার এসআই আব্দুল মজিদ।
এর আগে বুধবার যৌথবাহিনীর সদস্যরা রিয়াজের খোঁজে তার পিরোজপুরের বাড়িতে অভিযান চালায়।
