দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে খালেদা বা হাসিনা কাউকেই ছাড়বে না কমিশন
দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দেশের দুই শীর্ষ নেত্রী খালেদা জিয়া বা শেখ হাসিনাকেও ছাড়বে না দুর্নীতি দমন কমিশন।
ব্যাক্তিগত সফর শেষে ১১ দিন পর কমিশনে ফিরে রোববার দৃঢ়ভাবে একথা জানিয়ে দিলেন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। দুর্নীতির সঙ্গে খালেদা জিয়া ও শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কী করা হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হাসান মশহুদ চৌধুরী বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না।
অবশ্য দুর্নীতির বিরুদ্ধে সরকার ও কমিশনের সর্বাত্মক অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে হাসান মশহুদ বলেন, “আমরা শুধু রুই--কাতলাই ধরবো না চুনোপুঁটিও ধরবো। কারণ চুনোপুঁটিরও অনেক দাম।”
হাসান মশহুদ চৌধুরী বলেন, ১৪ কোটি মানুষের দেশে দুর্নীতিবাজ রয়েছে তিন লাখ। পর্যায়ক্রমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিবাজদের দ্বিতীয় তালিকা প্রথম তালিকার চেয়েও বড় হবে বলে জানান তিনি।
হাসান মশহুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৫০ জনের তালিকা নিয়েও কাজ করবে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতিবাজদের ধরার ব্যাপারে তিনি বলেন, “এজন্য আমাদের যতদূর যাওয়া সম্ভব ততদূরই যাবো। তবে অনুমান নির্ভর কিছু বলতে চাই না।”
কমিশনের প্রণীত দুর্নীতিবাজদের প্রথম ৫০ জনের তালিকার মধ্যে ৩৫ জন তাদের সম্পত্তির হিসাব দাখিল করেছেন। এদের মধ্যে মামলা হয়েছে মাত্র তিনজনের বিরুদ্ধে। এ বিষয়ে প্রশ্ন করলে হাসান মশহুদ বলেন, “আইনগত জটিলতার কারণে মামলা করতে একটু দেরী হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
হাসান মশহুদ চৌধুরী আরও জানান, “৫০ জনের তালিকার যে ১৫ জন সম্পত্তির হিসাব জমা দেননি তাদের মালামাল জব্দ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
কমিশনের ৫৪ বস্তা কাগজ বিক্রি সম্পর্কে চেয়ারম্যান বলেন, “যে কাগজগুলো বিক্রি করেছে সে ভুল করে করেছে। অবশ্যই এ কাজটি ঠিক হয়নি। পরে কমিটি করে কাগজগুলো বিক্রির ব্যবস্থা করা হবে।”
হাসান মশহুদ জানান, আগামী কয়েকদিনের মধ্যে তিনি দেশের ৬৪ টি জেলা সফর করবেন। তিনি বলেন, এজন্য আমি সেনাবাহিনীর কাছে একটি হেলিকপ্টার চেয়েছি।
২৫ ফেব্র“য়ারি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার দুইদিন পর হাসান মশহুদ চৌধুরী নির্ধারিত ব্যক্তিগত সফরে পাকিস্তান যান। ৮ মার্চ তিনি দেশের ফিরে আসেন।
