ডাকাতের হাত থেকে বাঁচলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দুই বাসযাত্রী
ডাকাতদের কবল থেকে বাঁচলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন হতভাগ্য দুই বাসযাত্রী। শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা--সিলেট মহাসড়কের নরসিংদী জেলার কান্দাইলে রশিদের বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নারায়নগঞ্জের আড়াই হাজার ও নরসিংদী সদর থানা পুলিশ জানায়, সিলেট থেকে ৫০ জন যাত্রী নিয়ে আনন্দ পরিবহনের একটি বাস বগুড়া যাচ্ছিল। বাসটিতে যাত্রীবেশে একজন নারীসহ ১০ জন ডাকাত উঠে। বাসটি নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার বাগবাড়ী এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ডাকাতেরা বাস চালককে কাঁচি দিয়ে আঘাত করে চালানোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
হাইওয়ে পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে ডাকাত কবলিত আনন্দ পরিবহনের বাসটিকে ধাওয়া করে। আরো তিনটি যাত্রীবাহী বাসও ডাকাত কবলিত বাসকে ধাওয়া করতে হাইওয়ে পুলিশের সহায়তা করে। আনন্দ পরিবহনের বাসের চালকের আসনে থাকা ডাকাত দলের সদস্য নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
পুলিশ আসছে টের পেয়ে ডাকাতরা সবাই পালিয়ে যেতে পারে। পুলিশ এসে দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে আনে। কিন্তু দুজন যাত্রী পরে তাদের ব্যাগ আনতে বাসের মধ্যে যায়। এ সময় বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ায় তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতদের লাশ নরসিংদী থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের নাম, ঠিকানা পুলিশ জানাতে পারেনি।
