নারায়ণগঞ্জে কন্টেইনার টার্মিনাল নির্মাণে সহায়তা করতে চায় ভারত
নারায়ণগঞ্জের খানপুরে শীতলক্ষা নদীর তীরে আমদানি---রপ্তানি বাণিজ্যের উপযোগী একটি কন্টেইনার টার্মিনাল স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত।
বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার দুপুরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ভারতীয় রাষ্ট্রদূত আরো বলেন, গত ৫ বছরে বাংলাদেশ থেকে ভারতে চারশ শতাংশ রপ্তানি বেড়েছে।
অবশ্য এরপরও দুদেশের বাণিজ্যে বড় ধরনের ঘাটতি আছে বলে স্বীকার করেন তিনি। সাফটার আওতা ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশ থেকে পোশাক আমদানির পরিমাণ ৬০ লাখ পিস থেকে ৮০ লাখে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, আমদানি--রপ্তানি বাণিজ্য গতিশীল ও চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানোর জন্য নারায়ণগঞ্জ নদীবন্দরের যথার্থ ব্যবহার করা উচিত।
ভারতে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা, বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির পরিমাণ বাড়ানো, সাফটা কার্যকর করা, আমাদানি--রপ্তানি ও শুল্ক প্রক্রিয়া সহজতর করা, দ্রুত ও কম খরচে আমাদানি--রপ্তানি পণ্য পরিবহণ, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো, বিকেএমইএ’র সব পরিচালক ও সাধারণ সদস্যদের ভারতে যাতায়াতে দুই বছরের মাল্টিপল ভিসার ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি।
সভায় এফবিসিসিআই সহ--সভাপতি মোহাম্মদ আলী, ইন্দো--বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজ সভাপতি, নিটল গ্র“পের মাতলুব আহমাদ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বিকেএমইএ নেতাদের সঙ্গে শহরের খানপুরে শীতলক্ষা নদীর তীরে বিআইডব্লিটিএ জেটি এবং হাজীগঞ্জে নিট কনসার্ন লি. এর কারখানা পরিদর্শন করেন।
