আমিনুল হক ও মঞ্জুকে গ্রেপ্তারের ক্ষেত্রে বিধিনিষেধ, সাকা চৌধুরীর আটক অবৈধ, আমিনীর আগাম জামিন
সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তাদের অন্তর্বর্তী জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে। অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনীকে একটি ভাংচুরের মামলায় তিন মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের তিনটি আলাদা দ্বৈত বেঞ্চ রোববার এসব আদেশ দেন।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আউয়ালের সমন্বয়ে গঠিত বেঞ্চে দায়ের করা দুইটি পৃথক রিট মামলায় বলা হয়েছে, গত ৮ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিকে ব্যারিস্টার আমিনুল হক ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ৫০ জনের তালিকা প্রকাশিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের ওই তালিকার ভিত্তিতে তাদের গ্রেপ্তার বা হয়রানি করা হতে পারে।
সংক্ষিপ্ত শুনানি করে আদালত ওই তালিকার ভিত্তিতে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেয়।
তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক।
এদিকে বিচারপতি আবুদল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালাউদ্দিন কাদের চৌধুরীর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে।
তার ছেলে হুমায়ুন কাদের চৌধুরীর আবেদনের ওপর শুনানি করে আদালত এই রায় দেন।
গত ৩ ফেব্র“য়ারি রাতে যৌথ বাহিনী সাকা চৌধুরীকে গ্রেপ্তার করে। ৫ ফেব্র“য়ারি তাকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। পরে ১ মার্চ ওই আটকাদেশের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়। সাকা চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক।
অন্যদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মুফতি ফজলুল হক আমিনীকে তিন মাসের আগাম জামিন দিয়েছে।
গত ১৯ ফেব্র“য়ারি লালবাগ থানার দায়ের করা ভাংচুর ও শ্লীলতাহানির মামলায় তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ দেখানোর জন্য সরকারের ওপর রুল জারি করা হয়েছে।
আমিনীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক।
হাইকোর্টের একই বেঞ্চে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান জামিনের আবেদন দায়ের করেছেন।
এ আবেদনের ওপর শুনানি না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
