পানি চুরির দায়ে চট্টগ্রামে তিন গার্মেন্টসের জরিমানা
নগরীর এনায়েত বাজারে তিনটি গার্মেন্টস কারখানাকে ওয়াসার পানি চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালত রোববার ৬ লাখ টাকা জরিমানা করেছে।
এছাড়া একই আদালত অপর এক অভিযানে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে নগরীর বিভিন্ন স্থান হতে ১০টি বাস ও ট্রাক আটক করে পৌনে এক লাখ টাকা জরিমানা করে।
এনায়েত বাজার এলাকায় অভিযানকালে আদালত ক্লিফটন, জাপা ও সেভল্যান্ড নামের তিনটি গার্মেন্টেসে দীর্ঘদিন থেকে পানি চুরির ঘটনা উদঘাটন করে। একই ভবনে অবস্থিত এ তিনটি গার্মেন্টস কারখানায় আলাদা বাণিজ্যিক সংযোগ না নিয়ে শুধু একটি সংযোগ থেকে মিটার ছাড়াই ওয়াসার পানি ব্যবহার করা হচ্ছে।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কারখানা থেকে গত পাঁচ বছরের মাসিক গড়ে ১৫০০ থেকে ২৫০০ টাকা হারে বিল আদায় করা হচেছ। ওয়াসা কর্র্তৃপক্ষের হিসাবে এই তিন প্রতিষ্ঠানে গত পাঁচ বছরে ৩ কোটি ৩২ লাখ লিটার পানি ব্যবহার হয়েছে।
অবৈধভাবে পানি ব্যবহার ও রাজস্ব ফাঁকির দায়ে ভবন মালিকসহ তিন গার্মেন্টস মালিককে ৫ লাখ ৯৩ হাজার টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়েছে।
