২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে বেসামরিক-- সামরিক ব্যক্তিদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স

উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে চলমান অভিযান সমন্বয় ও তদারক করবে। সরকারি এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 01:25 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, ‘জাতীয় দুর্নীতি দমন সমন্বয় কমিটি’ নামের এই কমিটির প্রধান হবেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন।

সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

মাঠ পর্যায়ে ৬৪ টি টাস্ক ফোর্স সারা দেশে জেলা পর্যায়ে কমিটির আওতায় কাজ করবে। সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তারা এ সব টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন। স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সহায়তা করবেন।

ব্রিগেডিয়ার পদমর্যাদার সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আরো সাতটি আঞ্চলিক কমিটি এই মাঠ পর্যায়ের টাস্ক ফোর্সগুলোর কাজ তদারক করবে।

১৬ সদস্যের জাতীয় সমন্বয় কমিটিতে আরো থাকবেন প্রধান উপদেষ্টার দপ্তরের সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সেনাবাহিনীর সাতটি অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ রাইফেলসের উপমহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব।

গত ৮ মার্চ তারিখে মন্ত্রী পরিষদসচিব এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেও সেটা প্রকাশ করা হয়েছে রোববার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টাস্কফোর্সের অধীনে একটি সহায়ক কমিটি থাকবে। এনএসআই এর একজন, ডিজিএফআই এর একজন, একজন ম্যাজিস্ট্রেট, একজন অডিটর, একজন বিশেষজ্ঞ পরামর্শক এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে গঠন করা হবে এই সহায়ক কমিটি। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানো যাবে।

টাস্কফোর্সের দায়িত্ব

১. বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে টাস্কফোর্সে নিয়োজিত সংস্থার সদস্যদের মাধ্যমে সাতদিনের মধ্যে দায়েরকৃত মামলার তদন্ত সম্পন্ন করা।

২. অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে টাস্কফোর্সে নিয়োজিত সংস্থার সদস্যদের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা, সাক্ষ্যপ্রমাণ ও দলিল সংগ্রহ করা।

৩. টাস্কফোর্সের সদস্য কর্তৃক নিজস্ব সহায়তাদানকারী বিভাগ বা সংস্থার সদস্যরা যে এফআইআর বা চার্জশিট তৈরি করবে, সে ক্ষেত্রে প্রয়োজনে আইনজীবীদের পরামর্শ গ্রহণ করা।

৪. অনুসন্ধান, তদন্ত ও মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পদ্ধতিগত ও আইনগত দিক সম্পর্কে টাস্কফোর্সের সদস্যরা অবহিত থাকবে এবং সে অনুযায়ী কাজ সম্পন্ন করবে।

৫. অনুসন্ধান, তদন্ত ও মামলার বিষয়ে সহায়তাকারী বিভাগ বা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করা।

৬. ক্ষেত্রমতে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক অনুসন্ধান, তদন্ত ও মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনজীবীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

৭. দায়েরকৃত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত টাস্কফোর্সে নিয়োজিত সংস্থার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করা।

৮. অভিযুক্ত ব্যক্তিদের সব স্থাবর -- অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করে আইন অনুযায়ী তা জব্দ ও ক্রোক করা।

টাস্কফোর্সের ক্ষমতা

১. অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে বা প্রতিষ্ঠানে যে কোনো সময় আইন অনুযায়ী তল্লাশি এবং নথি জব্দ করার অধিকার থাকবে।

২. সরকারি -- বেসরকারি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার থাকবে। ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান টাস্কফোর্সের আইন অনুযায়ী তথ্য দিতে বাধ্য থাকবে।

৩. মামলার প্রয়োজনে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করার অধিকার থাকবে।

৪. দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক বিদেশি ব্যাংকে অর্থপাচার কিংবা দেশের সম্পদ অবৈধভাবে বিদেশে নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তা দেশে ফিরিয়ে আনার অধিকার থাকবে।

আঞ্চলিক কমিটির ক্ষমতা

১. বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তালিকা অনুযায়ী টাস্কফোর্সকে সহায়তা দেওয়া।

২. টাস্কফোর্সের অধীন নিয়োজিত সংস্থার মনোনীত সদস্য কর্তৃক অনুসন্ধান, তদন্ত, চার্জশিট দাখিল, মামলার কার্যক্রম পরিচালনা সমন্বয় করা।

৩. টাস্কফোর্সের কাজের অগ্রগতি মূল্যায়ণ করে যথাযথ সুপারিশ ও পরামর্শ দেওয়া এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

৪. সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মাধ্যমে যোগাযোগ রক্ষা ও সমন্বয় সাধন করা।

৫. প্রয়োজনে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সকল স্থাবর -- অস্থাবর সম্পত্তি আইন অনুযায়ী জব্দ ও ক্রোক করা।