২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারজনের আটকাদেশ অবৈধ করে দেওয়া হাইকোর্টের রায় ২৯ মার্চ পর্যন্ত স্থগিত

আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারসহ চার জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় ২৯ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ পাঁচ বিচারকের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। ওইদিন এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে।

গত ২৬ ফেব্র“য়ারি বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কামাল আহমেদ মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার উপ--পরিচালক আবুল কাশেম পলাশ ও এডাবের পরিচালক আমিনুল ইসলামের আটকাদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়।

জরুরি অবস্থা চলাকালে আটকাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না এই যুক্তিতে সরকার আপিল বিভাগে আবেদন জানালে গত ২৮ ফেব্র“য়ারি হাইকোর্টের রায় ৫ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছিল। ৫ মার্চ আপিল বিভাগ হাইকোর্টে রায় ১২ মার্চ পর্যন্ত স্থগিত করে দেয়।

সোমাবার রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, আটকাদেশের অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কপি এখনো পাওয়া যায়নি। তিনি শুনানি মুলতবি ও হাইকোর্টের রায় স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আটকাদেশ প্রাপ্তদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সিনিয়র এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, তাদের আটকাদেশের মেয়াদ শেষ হয়ে গেছে ১১ মার্চ। এর পর আর তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়নি। আপিল বিভাগের স্থগিতাদেশের কারণে তারা মুক্তি পাচ্ছেন না।

গত ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হলে ওই রাতেই কামাল মজুমদারসহ এই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়।