১৫ মার্চ শুরু হচ্ছে ‘ইবিএল ২য় মোটর শো’
কনফারেন্স অ্যান্ড একজিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (সেমস) আয়োজিত ইবিএল ২য় মোটর শো ২০০৭ শুরু হচ্ছে আগামী ১৫ই মার্চ।
বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।
সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা তিনদিনব্যাপী এই প্রদর্শনীতে অংশীদার থাকছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও সহযোগিতায় থাকবে রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড, ডানলপ, ক্যাস্ট্রল, লুকাস ও আর জেড টায়ার।
সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেমস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, হেড অব কনজুমার ব্যাংকিং মাশরুর আরেফিন, সেমস এর ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম, রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড এর জেনারেল ম্যানেজার কাজী জাভেদ ইসলাম ও প্রোডাক্ট গ্র“প ম্যানেজার মোখলেছুর রহমান।
ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রদর্শনী উপলক্ষে ইবিএল অটো লোনের প্রসেসিং ফি এর এক শতাংশ ছাড় দেওয়া হবে। ১৮ শতাংশ হারে সুদে এক লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত কার লোন দেওয়ার সুবিধা থাকবে। গাড়ির দামের ৮০ শতাংশ টাকা ব্যাংক থেকে দেওয়া হবে।
সেমস এর ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম জানান, ১৩ টি বিদেশি কোম্পানিসহ মোট ৪১টি কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীর প্রবেশ ফি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কাজী জাভেদ ইসলাম বলেন, প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশে গাড়ির বাজার অনেক ভালো। তিনি জানান, ভারতে ১১৫ কোটি লোকের বিপরীতে গাড়ি রয়েছে দেড় কোটি, শ্রীলংকায় সাড়ে তিন কোটি লোকের বিপরীতে গাড়ির সংখ্যা আট লাখ-- সেখানে বাংলাদেশে প্রতি এক কোটি লোকের বিপরীতে গাড়ির সংখ্যা মাত্র ৩৭৩টি।
তিনি বাংলাদেশের মটর পার্টস ও এক্সেসরিজ এর প্রশংসা করে বলেন, “আমাদের দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির উপযুক্ত।”
প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে আছে যুগান্তর, ডেইলী স্টার, এটিএন বাংলা ও রেডিও টুডে। এ ছাড়া হোটেল পার্টনার হিসেবে আছে বেস্ট ওয়েস্টার্ন লাভিঞ্চি হোটেল।
