রৌমারী সীমান্ত থেকে ৩ বাংলাদেশি অপহৃত
রৌমারী উপজেলার কালাইর চর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে।
এরা হলেন হবু (৩৬), সন্দেশ আলী (৩২) ও হাজের আলী (৩৭)। সোমবার ভোর ৫টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
বিডিআর জানায়, ভারতের মাইনকার চর বিএসএফ বিওপির জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৬ এর ৪ এস সাব পিলারের কাছ থেকে বাংলাদশি তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে অপহৃতদের ফেরত চেয়েছে হিজলামারী বিডিআর বিওপি ক্যাম্প।
অপহৃত তিনজনের বাড়ি রৌমারী উপজেলার বারবান্ধা গ্রামে। এলাকাবাসী জানায়, তারা সবাই গরু ব্যবসায়ী।
এ ব্যাপারে জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ হারুন জানান, কেন এবং কিভাবে ওই তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
