চলতি সপ্তাহে আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
সম্পত্তির হিসাব দানকারীদের আরো কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সম্পত্তি অর্জন এবং স্থাবর--অস্থাবর সম্পত্তি সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিশনার আবুল হাসান মনযুর মান্নান।
তিনি বলেন, “মামলার বিষয়ে আমরা কোনো রকম তাড়াহুড়া করতে চাই না। সে জন্যই মামলা করতে একটু সময় লাগছে।”
কমিশন কতজন বা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেÑএই প্রশ্নের জবাবে মনযুর মান্নান বলেন, “এই মুহুর্তে আমি নাম বলতে পারব না। তবে সংখ্যা পাঁচ থেকে সাতজনের মত হবে।”
তবে কমিশনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাজনীতিক ও সিবিএ নেতাসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য কমিশন অনুমোদন দিয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা মো. নাসিম, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক সাংসদ আলী আসগর লবি, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এবং টিএন্ডটির সিবিএ নেতা ফিরোজ মিয়ার নাম রয়েছে।
মনযুর মান্নান সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য আইনজীবীদের একটি প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশনের দ্বিতীয় তালিকা প্রসঙ্গে তিনি জানান, যে তালিকা নিয়ে এখন গ্রেপ্তার অভিযান চলছে তার ভিত্তিতেই কমিশন কাজ করবে। বিভিন্ন সংস্থা মিলে তালিকাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, একক প্রতিষ্ঠানের পক্ষে দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। সেই জন্যই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ, কমিশনের আইন সংস্কার, লোকবল, সাংগঠনিক কাঠামো, সার্বিক ব্যবস্থাপনা, কর্মকর্তাদের দায়িত্ববন্টন, আর্থিক সীমাবদ্ধতাসহ বিভিন্ন বিষয় নিয়ে রোববার কমিশনের সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি। এসব বিষয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।
৫৪ বস্তা পুরানো কাগজ বিক্রি নিয়ে তদন্ত কমিটি
এদিকে কমিশনের পুরানো কাগজ বিক্রি করার ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত করতে কমিশনের পরিচালক (প্রশাসন, মানব সম্পদ ও অর্থ) মো. আব্দুল ওয়াদুদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, উপ--পরিচালক এ এস এম সাব্বির হাসান এবং সিনিয়র হিসাব রক্ষক ইসমাইল হোসেন।
গত ৭ মার্চ বিকেলে কমিশনের উপ--পরিচালক (প্রশাসন ও লজিস্টিকস) মো. গোলাম ফারুক কাগজ ব্যবসায়ী খোকনের কাছে সাড়ে আট হাজার টাকায় ওই ৫৪ বস্তা কাগজ বিক্রি করেন।
পরে বিষয়টি জানাজানি হলে, কমিশন থেকে লোক পাঠিয়ে সেগুলো আবার ফেরত আনা হয়।
