খিলগাঁওয়ে ডাকাতের হামলায় পুলিশ সার্জেন্ট আহত
রাজধানীর খিলগাঁওয়ে রোববার রাতে ডাকাতের হামলায় জমসেদ আলম লিটন (৩৫) নামে পুলিশের এক সার্জেন্ট আহত হয়েছেন। অন্যদিকে, বড় মগবাজারে সোমবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত। বাড়িতে ডাকাতির সময় বাধা দিলে লিটনকে কুপিয়ে আহত করে ডাকাতরা।
খিলগাঁও থানা পুলিশ জানায়, খিলগাঁও থানা এলাকার পূর্ব রামপুরা দুই নাম্বার সড়কের বি--৬ নম্বর বাড়িতে রোববার রাত আড়াইটার দিকে ১০/১২ জন ডাকাত গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার চারটি ফ্লাটের সব বাসিন্দাকে জিম্মি করে রেখে প্রায় আড়াই ঘণ্টা লুটপাট চালায়। তারা নগদসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুই তলার ফ্লাটের ভাড়াটিয়া সার্জেন্ট লিটন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে চাপাতি দিয়ে কোপায়।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া রুবায়েত খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।
অন্যদিকে রাজধানীর রমনা থানা এলাকার বড় মগবাজারে সোমবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ী।
রমনা থানা পুলিশ জানায়, আজাদ গার্মেন্টসের ঝুট কাপড় ব্যবসায়ী। দুপুর আড়াইটার দিকে ৪৭৩ বড় মগবাজারের দিনা গার্মেন্টস থেকে বের হওয়ার সময় ৪/৫ জন সন্ত্রাসী তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তার বাম পায়ের হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আব্দুল হাই জানান, এ ঘটনায় আবুল কালাম আজাদ নিজেই বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
