দুর্নীতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান ও ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা করেছেন।
দুপুর ২ টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা কী করছি এবং কী করব সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
হাসান মশহুদ আরও বলেন, “কমিশনের বাজেট, জনবলসহ বিভিন্ন সমস্যা নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।”
দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ আরোপ করার প্রসঙ্গে জানতে চাওয়া হলে হাসান মশহুদ চৌধুরী বলেন, “সপ্তাহের সোম ও বৃহস্পতিবার শুধু সাংবাদিকদের কমিশনের পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হবে। এই দুইদিন ছাড়া সাংবাদিকরা কমিশনে ঢুকতে পারবেন না।”
