হটাৎ করেই আল-নূর চক্ষু হাসপাতাল বন্ধ ঘোষণার নির্দেশ
কারণ ছাড়াই বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর আল-নূর চক্ষু হাসপাতাল। সৌদি আরব ভিত্তিক এনজিও আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটির তহবিল আত্মসাত করতে হাসপাতালটি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার কর্মকর্তা--কর্মচারীরা।
ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত হাসপাতালটির কর্মকর্তারা জানান, দু’ বছর আগে হাসপাতালটির কান্ট্রি কো --অর্ডিনেটর হিসাবে যোগ দেন জর্ডানের নাগরিক মোঃ সামি সালিম। যোগদানের পর থেকেই হাসপাতালে তিনি ‘একনায়কত্ব’ কায়েম করেন। শুরু থেকেই ডাক্তার-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণের পাশাপশি কোনো কারণ ছাড়াই তাদের চাকুরিচ্যুত করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার অপারেশন ডিরেক্টর গোলাম রব্বনীকে বহিষ্কার করা হলে হাসপাতালের কর্মচারীরা এর প্রতিবাদ করেন। এঘটনার পর সামি হাসপাতালের এক চিকিৎসককে হত্যা করার হুমকি দেন।
বুধবার সকাল ৮টায় হাসপাতাল বন্ধের একটি ঘোষণা মূল প্রবেশ পথে ঝুলিয়ে দেওয়া হয়। ফলে ২০ শয্যা ও ৬ কেবিন বিশিষ্ট এ হাপাতালে চিকিৎসাধীন রোগীরা বিপাকে পড়ে।
হাসপাতালের চিকিৎসক ডাঃ মোজাহারুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “হাসপাতালটির প্রতিদিনের আয় ২ থেকে ৩ লাখ টাকা। বর্তমানে প্রতিষ্ঠানের তহবিলে আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা রয়েছে। মূলত এ টাকা আত্মসাত করে বাংলাদেশ ত্যাগের পরিকল্পনা করে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “এ ধরনের এনজিও ভিত্তিক হাসপাতালগুলোতে সাধারণত তিন সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি থাকে। প্রতিষ্ঠানটির ১১ জন ডাক্তার এবং ৫৫ জন কর্মচারি-কর্মকর্তা মোঃ সামি সালিমের কাছে বেশ কিছুদিন ধরেই এমন একটা কমিটি গঠনের এবং চাকুরি বিধি চালু করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু এতে অর্থ আত্মসাতে সমস্যায় পড়তে হতে পারে এমন আশঙ্কায় তিনি হাসপাতালটি বন্ধ করার নির্দেশ দেন।”
এ ঘটনায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সকাল থেকেই হাসপাতালে ভিড় করতে শুরু করে তারা। কিন্তু মূল প্রবেশ পথে তালা থাকায় ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না। এ ব্যাপারে মোঃ সামি সালিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।
