২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার দৌলতপুরে ৭ বাড়িতে ডাকাতি, আহত ৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুটি গ্রামের সাতটি বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা গবাদি পশুসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে বলে এলাকাবাসী দাবি করেছে। তাদের হামলায় আহত হয়েছেন ছয়জন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এলাকাবাসী জানায়, রাত দেড়টার সময় ২০/২২ জন ডাকাত উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শাদীপুর গ্রামের তৌহিদুল, রফিকুল, সাদ উল্লাহ, শহীদুল ও আব্দুর রাজ্জাকের বাড়িতে ডাকাতি করে। তারা টেলিভিশন, সিডি প্লেয়ার, মোবাইল ফোন, স্বর্ণালংকার, এক জোড়া গরুসহ নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে।

মালামাল নিয়ে পালানোর সময় ডাকাতরা ছয়টি বোমা ফাটায় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে নিজাম (২৮), লিটন (২২) কামাল (২৫) লাবলু (২৮), শাহিনা আক্তার (৩০) ও আবেদা খাতুন (২৭) নামে ছয়জন আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

একই রাত ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের আক্তারুজ্জামান ও কেরামত আলীর বাড়িতে ১০/১২ জন ডাকাত ঢুকে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে।

দৌলতপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনায় এলাকাবাসী থানায় অভিযোগ জানিয়েছে। তবে কেউ মামলা করেনি।