উপ-সচিবদের জন্য সংখ্যাতিরিক্ত ২৩০টি নতুন পদ
উপ-সচিবদের জন্য সরকার অস্থায়ীভাবে এক বছরের জন্য ২৩০টি সংখ্যাতিরিক্ত নতুন পদ সৃষ্টি করেছে। নতুন এসব পদে উপ-সচিবদের পদায়ন করা হলেও মূলত: তারা সিনিয়র সহকারী সচিবের কাজ করবেন বলে সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে।
সরকারী সূত্রগুলো বলছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিবের ৩১৩টি পদ শূণ্য রয়েছে। অথচ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত ৮৩০টি পদের বিপরীতে উপ-সচিব রয়েছেন এক হাজার ৪৫৪ জন। সে হিসেবে সরকারের ৬২৪ জন উপ-সচিব বেশি আছে।
এব্যাপারে জানতে চাইলে সংস্থাপন সচিব ড. আবদুস সালাম খান নফহবংি২৪.পড়স -কে বলেন,“ বর্তমানে প্রয়োজনের অতিরিক্ত উপ-সচিব রয়েছেন। তাদের কাজ নেই, অথচ তারা চাকরি করছেন। তাদের কর্মকালকে ব্যবহারিক করার জন্যই সরকার মনে করেছে এমন পদ সৃষ্টি করা প্রয়োজন। তাই সংখ্যাতিরিক্ত নতুন পদ সৃষ্টি করা হয়েছে।”
৩১৩ জন সিনিয়র সহকারী সচিবের শূণ্যপদ প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে লোক নেই, তাই তাদের কাজের জন্য এসব পদ সৃষ্টি করতে হয়েছে। তবে লোক পাওয়া গেলে ওই কাজের জন্য সিনিয়র সহকারী সচিবদেরই ওই পদে দেয়া হবে।”
সংস্থাপন মন্ত্রণালয় ১৩ মার্চের তারিখ দিয়ে বৃহস্পতিবার জারি করা আদেশে নতুন সৃষ্ট ২৩০টি উপ-সচিবের পদ ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য ভাগ করে দিয়েছে।
২৩০টি পদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঁচটি, সংস্থাপন মন্ত্রণালয়ে ২০টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৫টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১০টি, অর্থ বিভাগে ২৫টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ১২টি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি, পরিকল্পনা বিভাগে পাঁচটি, ভূমি মন্ত্রণালয়ে পাঁচটি, শিক্ষা মন্ত্রণালয়ে ১০টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঁচটি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঁচটি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি, কৃষি মন্ত্রণালয়ে সাতটি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ১২টি, বিদ্যুত বিভাগে একটি, জ্বালানী ও খণিজ সম্পদ বিভাগে দুইটি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে চারটি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চারটি, যোগাযোগ মন্ত্রণালয়ে সাতটি, বাণিজ্য মন্ত্রনালয়ে আটটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চারটি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চারটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দুইটি, তথ্য মন্ত্রণালয়ে তিনটি, শিল্প মন্ত্রণালয়ে ১২টি, পানি সম্পদ মন্ত্রণালয়ে দুইটি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ে দুইটি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে একটি, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে পাঁচটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ে দুইটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দুইটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঁচটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুইটি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দুইটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঁচটি পদ দেয়া হয়েছে।
