২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার মানজারুল রানার মৃত্যু

মাত্র ২৩ বছর বয়সে ঝরে গেলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার কাজী মানজারুল ইসলাম রানা। বৃহস্পতিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় মানজারুলের সঙ্গে নিহত হন আরেক ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মানজারুল ইসলাম রানা এবং জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগীয় দলের ওপেনার সাজ্জাদুল হাসান সেতু দুপুরের পর  রওয়ানা হয়েছিলেন খুলনার চুকনগরের ‘আব্বাসের হোটেল’ এর দিকে। রানা ও সেতুর বন্ধুরা জানিয়েছেন, সেখানকার সুস্বাদু খাসির মাংস দিয়ে লাঞ্চ সারতে যাত্রা করতে দেরী হয়ে যায় তাদের । বাহন ছিল মোটরসাইকেল। সতীর্থ ও পরিচিতদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কে জানত একটু পরেই সড়ক দুর্ঘটনায় ঝরে যাবে এই দুই তরুণ ক্রিকেটারের প্রাণ। বিকাল সাড়ে চারটায় খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী ব্রিজের ওপর বিপরীত দিকে থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই মারা যান জাতীয় দলের হয়ে ২৫ টি ওয়ানডে এবং ছয়টি টেস্ট খেলা মানজারুল। মোটরসাইকেল চালাচ্ছিলেন সেতু।

খুলনা প্রতিনিধি সুবীর রায় জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই সেতুকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর তিনিও মারা যান।