২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাজি সেলিমসহ ৭ আমদানিকারকের বিরুদ্ধে মামলা

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী সেলিমসহ সাত আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং সিএন্ডএফ এজেন্টদের মনোনিত প্রতিনিধির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে আলাদা সাতটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 01:54 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতি ও শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো দায়ের করেন সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস পরিদর্শক ভূদেব চক্রবর্তী।

২০০৪ সালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে নকল মেনিফিস্ট ও জাল দলিল তৈরি করে পণ্য আমদানি করে পৌঁনে ৫ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে এ মামলাগুলো দায়ের হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা এসআই শামসুল আলম জানান, আমদানিকারক মেসার্স মদিনা ফুডস লিমিটেডের মালিক হাজী সেলিম ও আমদানি পণ্য ছাড় করার দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট সোহেল এন্টারপ্রাইজের সোহেল আহম্মদ পশাল, মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের শহীদুল ইসলাম ও তাদের মনোনিত প্রতিনিধি (সিএন্ডএফ সাইনিং অথিরিটি) একরামুল হকের বিরুদ্ধে ২৫ লাখ ৮ হাজার ৫২৫ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রামের আমদানিকারক মেসার্স আলী নেওয়াজ ফার্মের আবুল বাশার সওদাগর ও সিএন্ডএফ এজেন্ট মেসার্স বড় সাহেব এজেন্সির মোখলেসুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৩৮৮ টাকা, রাজশাহীর আমদানিকারক মেসার্স আনিসুর রহমান ও সিএন্ডএফ এজেন্ট দেওয়ান জায়গীর, চাঁপাইনবাবগঞ্জের বিশ্বাস এন্ড কোং এর সাদিকুল ইসলামর বিরুদ্ধে ২২ লাখ ৬৩ হাজার ৩৭১ টাকা, চাঁপাইনবাবগঞ্জে আমদানিকারক জিয়া এন্টারপ্রাইজের জিয়াউর রহমান ও সিএন্ডএফ এজেন্ট ঢাকার নাহার এন্টারপ্রাইজের নুরুন নাহার চৌধুরীর বিরুদ্ধে ৫ লাখ ৬৯ হাজার টাকা শুল্ক ফাঁকির অভিযোগে মামলা দায়ের করা হয়।

নোয়াখালীর আমদানিকারক মেসার্স পারুল এন্টারপ্রাইজের আব্দুল কাদের ও সিএন্ডএফ এজেন্ট সিকিউরিটি পেকার্স এন্ড শিপর্সের পারভেজ আনোয়ার ও সৈয়দ ফজলুল হকের বিরুদ্ধে ৬ লাখ ৩৭ হাজার ৮৮২ টাকা, বগুড়ার মৌ ট্রেডার্সের আমদানিকারক আব্দুল মান্নান ও ঢাকার সিএন্ডএফ এজেন্ট মুন এন্টারপ্রাইজের দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ১৬ লাখ ৯৪ হাজার ৩৭৮ টাকা এবং ঢাকার আমদানি কারক মেসার্স জয়া এন্টারপ্রাইজের মো. শাহজাহান মিয়া, সিএন্ডএফ এজেন্ট জেম এন্টারপ্রাইজের আরীফ মোহাম্মদ ও রুপালী এজেন্সির মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ৬৮ লাখ ৫০ হাজার ৫৪৩ টাকা শুল্ক ফাকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এসআই শামসুল আলম জানান, মামলার প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হবে।

এদিকে সিএন্ডএফ এজেন্ট রূপালী এজেন্সির মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছরের ফেব্র“য়ারি মাসে তার ৬৮ লাখ টাকার মধ্যে ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।  তিনি সাংবাদিকদের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরিত ট্রেজারি চালানের মাধ্যমে ৫৮ লাখ টাকা পরিশোধের যাচাই পত্র দেখান।

এছাড়া, হাজী সেলিমের আমদানি করা পণ্য ছাড়ের দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ এজেন্ট মেসার্স সোহেল এন্টারপ্রাইজের সোহেল আহমেদ পলাশ জানান, তারা ২০ লাখ ৪১ হাজার টাকা পরিশোধ করেছেন। এ সংক্রান্ত  ব্যাংক প্রত্যায়নপত্র ও ট্রেজারি চালানের যাচাইপত্র রয়েছে বলে তিনি দাবি করেন।