বাগমারায় ৭ জেএমবি সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাগমারার বিভিন্ন গ্রামে বৃহস্পতি ও শুক্রবার যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সাত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জেএমবি সদস্যদের গ্রেপ্তারের কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স-- কে জানান, গ্রেপ্তারকৃতরা জেএমবি সদস্য বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-- আবদুস সালাম, আয়নাল, চঞ্চল, রাজ্জাক, আফজাল, জাহিদ ও ইমাদুল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে যৌথবাহিনীর সদস্যরা বাগমারা উপজেলার চেউখালি থেকে আবদুস সালাম ও হামিরকুৎসা গ্রাম থেকে আয়নাল নামের দুই জেএমবিকে গ্রেপ্তার করে। বিকালেই তাদের বাগমারা থানায় হাজির করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ভোর ছয়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ বাগমারার ঝিগরা গ্রাম থেকে চঞ্চল, আলোক নগর থেকে আফজাল, মধ্য ঝিনা থেকে জাহিদ, ঝাড়গ্রাম থেকে ইমাদুল ও শ্রীপুর থেকে রাজ্জাক নামে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা বাগমারায় জেএমবি সদস্যদের সক্রিয় করার চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে।
