টিপাইমুখ বাঁধের প্রতিবাদে রাজশাহীতে নদীবক্ষে সংবাদ সম্মেলন
টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে রাজশাহীর পদ্মা নদীবক্ষে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেছে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও নি®কৃতি নামে দুটি সংস্থা। শনিবার আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে এ সংবাদ সম্মেলনে টিপাই বাঁধ নির্মাণের ক্ষতিকর দিক তুলে ধরা হয়।
‘টিপাই বাঁধ না’ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার সকাল ১০ টায় রাজশাহীর বিডিআর ঘাট পয়েন্টে পদ্মা নদী বক্ষে অঙ্গীকার বাংলাদেশের সহযোগিতায় এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন নি®কৃতির পরিচালক এস কে লালন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্ব--উন্নয়নের পরিচালক মুস্তাফিজুর রহমান খান, হাসান মিল্লাত প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট সীমান্তবর্তী ভারতের মনিপুর রাজ্যে বরাক নধীর উপর টিপাইমুখ বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে তারা। কেন্দ্রীয় সরকারের পরিবেশগত অনুমোদন পেলেই বাঁধ নির্মাণ শুরু হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশে যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে তা ঠেকানো জরুরি। এশিয়া, দক্ষিণ এশিয়া, বাংলাদেশ এমনকি দুনিয়া জুড়ে গণমানুষের সম্মিলিত উদ্যোগে পানির উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে।
