২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে আবার পরীক্ষা দিতে হবে ৩২০ থানা নির্বাচন কর্মকর্তাকে

রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তাকে এপ্রিল মাসে আবার পরীক্ষায় বসতে হবে। (আরও তথ্যসহ)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর সার্বিক তত্ত্বাবধানে এসব থানা নির্বাচন কর্মকর্তাদের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি হিসেবে আইবিএ বর্তমানে প্রশ্নপত্র তৈরী করছে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব।

সচিব আরও জানান, থানা নির্বাচন কর্মকর্তাদের যোগ্যতা যাচাই করাই এই পরীক্ষার উদ্দেশ্য।

হুমায়ুন কবীর বলেন,“ওই উপজেলা কর্মকর্তাদের এখন শিক্ষানবীশ সময় চলছে। তাদের বিরুদ্ধে এরই মধ্যে পত্র-পত্রিকায় লেখা হয়েছে;  বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে তাদের যোগ্যতা সম্পর্কে। তাই সরকারি চাকরি-বিধি অনুযায়ী তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। যোগ্যতার বিবেচনায় যারা বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়াদ আগামী মে ও জুন মাসে শেষ হলেও নিয়ম অনুযায়ী এই নির্বাচন করা যাচ্ছে না। কারণ তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ওপর আদালতের নিষেধাজ্ঞা, জরুরি অবস্থা এবং নির্ভুল ভোটার তালিকার বিষয় আছে। কমিশন যথা সময়ে তিনটি সিটি করপোরেশন নির্বাচন করতে পারছে না বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে।

উপজেলা নির্বাচনের পুরো বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হচ্ছে কি না -- তা জানতে চাইলে সচিব বলেন, “আমরা এ বিষয়ে এখনো মন্ত্রণালয়ের কোনো মতামত পাইনি। পেলে তখন এ বিষয়ে বলতে পারবো।”

এদিকে বৃহস্পতিবার সকালে সেন্টার ফল পলিসি ডায়লাগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে কমিশনের নির্বাচনী আইন সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, সৈয়দ মঞ্জুর এলাহী, লায়লা কবির রহমান ও ড. আনিসুজ্জামান।