পণ্য মজুদের সময়সীমা নির্ধারণে সুপারিশমালা চূড়ান্ত
আমদানি করা যে কোনো পরিমাণ পণ্য মজুদ রাখার সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে সুপারিশমালা চূড়ান্ত করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, আইন মন্ত্রণালয় এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা এই সুপারিশমালা চূড়ান্ত করেন।
সুপারিশমালা অনুসারে পিঁয়াজ আমদানীকারকরা ৪৫ দিন, পাইকারি বিক্রেতারা ৩০ দিন এবং খুচড়া বিক্রেতারা ১৫ দিন তাদের পণ্য মজুদ রাখতে পারবেন।
এছাড়া ধান, চাল, গম, চিনি, ভোজ্যতেল. ডাল, গুড়ো দুধ, শিশু খাদ্য আমদানিকারকরা তিন মাস, পাইকারি বিক্রেতারা দুই মাস এবং খুচড়া বিক্রেতারা এক মাস মজুদ রাখতে পারবে।
সভা শেষে গোলাম মোস্তাকিম সাংবদিকদের বলেন, “সর্বসম্মতভাবে আমরা মজুদের ব্যাপারে সুপারিশ করেছি। এই সুপারিশ বাণিজ্য উপদেষ্টার কাছে শিজগিরই পাঠানো হবে।”
চলতি মাসের ২০ তারিখের মধ্যে এ ব্যাপারে প্রশাসনিক আদেশ জারির সম্ভাবনা আছে বলে তিনি জানান।
গোলাম মোস্তাকিম বলেন, পণ্য আমদানীর ক্ষেত্রে কোনো পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি।
