ঋণ প্রবাহ কমার জন্য ব্যাংকারদেরই দুষলেন অর্থ উপদেষ্টা
ব্যাংকগুলোতে ঋণ প্রবাহ কমে যাওয়ার জন্য ব্যাংকারদেরই দায়ী করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে কিছু কিছু ব্যাংকার ঋণ দেওয়া এবং আমানত সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহিত করছেন।
কোনো কোনো ব্যাংকার বর্তমান অবস্থায় ফায়দা লুটছে বলেও অভিযোগ করেনে অর্থ উপদেষ্টা।
ঢাকা শেরাটন হোটেলে বৃহস্পতিবার রেমিটেন্স এন্ড পেমেন্ট পার্টনারশিপ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “এটি বলার অপেক্ষা রাখে না যে কোনো কোনো ব্যাংকার বর্তমান অবস্থার ফায়দা লুটছেন।”
ব্যাংকারদের উদ্দেশে তিনি আরো বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া বর্তমান সরকারের মূল কাজ। তবে লক্ষ্য রাখতে হবে যেন নিরপরাধরা কোনোভাবেই হয়রানির শিকার না হন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ ও ডিএফআইডি যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি এলিজাবেথ ক্যারিয়েরও বক্তব্য রাখেন।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ডিসেম্বর পর্যন্ত মোট ঋণের প্রবাহ ছিল এক হাজার ৪২২ দশমিক ৫৭ বিলিয়ন টাকা। ফেব্র“য়ারির তৃতীয় সপ্তাহে এর পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪২০ দশমিক ৮৭ বিলিয়ন টাকায়। এক্ষেত্রে ঋণের প্রবাহ কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ।
ঋণ প্রবাহ এবং আমানত কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, “গ্রাহকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টির ফলে এটা হতে পারে। কিন্তু ব্যাংকাররা ঋণ দেওয়ার ব্যাপারে কিংবা আমানত সংগ্রহে নিরুৎসাহিত করছেন বলে আমাদের কাছে রিপোর্ট আছে।”
একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, ব্যাংকে কেউ টাকা তুলতে অথবা জমা দিতে গেলেই হাজারটা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। ব্যাংকের একজন কর্মকর্তা ইচ্ছে করলেই গ্রাহকদের হয়রানি করতে পারেন। তবে এটি সংশোধনেরও পথ আছে।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নিরপরাধরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য আপনারা অধঃস্তন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের উৎসাহিত করুন। যদি এতেও কাজ না হয় তাহলে বল প্রয়োগ করুন।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, রেমিটেন্স এন্ড পেমেন্ট পার্টনারশিপ প্রকল্পটি বাস্তবায়িত হলে অর্থনৈতিক খাতে দক্ষতা বাড়বে এবং স্বচ্ছতা ফিরে আসবে। ২০০৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক খন্দকার মুজহারুল হক স্বাগত বক্তব্য রাখেন। অন্যদিকে প্রকল্প ব্যবস্থাপক ডেভিড হোয়াইটহেড প্রকল্পটির ব্যাপারে ভূমিকা তুলে ধরেন।
