রাবি ডেপুটি রেজিস্ট্রার হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হক বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
রায়ে আসামী কামরুজ্জামান মিঠু ও আক্কাস আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় পলাতক আবদুর রশিদ তপন ওরফে দাদা তপন, ওয়াহেদুজ্জামান ওরফে বিকাশ, বজলুর রহমান ওরফে কবি বজলু, আবুল কালাম আজাদ, কালু মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া পলাতক খালিদ ওরফে ময়ুখ ওরফে পিচ্চি রিপন মারা যাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৪ জুন এশার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফা ক্যাম্পাস মসজিদ থেকে নিজ বাসায় ফেরার পথে আসামীরা তাকে গুলি করে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের ছেলে আব্দুল্লাহ আল ক্বাফি নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ আসামী কামরুজ্জামান মিঠু ও আক্কাসকে গ্রেপ্তার করে। বাকি আসামীরা পলাতক ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আচানুল কবির ২০০৪ সালের ২৫ অক্টোবর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওযায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী খোরশেদ আলম, আসামী পক্ষে সুশান্ত কুমার রায় এবং পলাতক আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।
