২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘সার্ক কার র‌্যালি’র উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সার্ক কার র‌্যালি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এ উপলক্ষে গত কয়েকদিন ধরেই পর্যটন রাজধানী বলে খ্যাত কক্সবাজারকে সাজানো হয় বর্ণিল সাজে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 02:40 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার জেলা স্টেডিয়ামে কার র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন, বাংলাদেশে সার্কভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রতিনিধি, সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি তারকারা।

উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা বলেন, “দক্ষিণ এশিয়ার রয়েছে দুই হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। কার র‌্যালির মধ্য দিয়ে এসব দেশের পারস্পরিক ঐক্য আরও বৃদ্ধি পাবে।” তাঁর মতে, এ উদ্যোগ এ অঞ্চলের পর্যটনের উন্নয়নে ভূমিকা রাখবে।

পর্যটনের মানোন্নয়নে গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, “কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সমুদ্র তীরবর্তী কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন এলাকার মানোন্নয়ন করা হবে। এক্ষেত্রে বেসরকারি খাত বড় ভূমিকা রাখতে পারে।”

ইফতেখার আহমদ চৌধুরী বলেন, জনগণের মধ্যে সার্কের বাস্তবতা তুলে ধরার জন্য বাংলাদেশ কাজ করছে। কার র‌্যালির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্য আরও বৃদ্ধি পাবে।

এমএ মতিন বলেন, “দক্ষিণ এশিয়ায় কক্সবাজার, সুন্দরবন, তাজমহল, হিমালয়, মহেঞ্জোদারো, হরপ্পার মতো বহু দর্শনীয় স্থান রয়েছে। তাই পর্যটন উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

র‌্যালি উদ্বোধনের আগে স্টেডিয়ামে আঞ্চলিক ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, শোভাযাত্রাটি চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর-দিনাজপুর-গাইবান্ধা-লালমনিরহাট হয়ে বুড়িমারী সীমান্ত দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার অতিক্রম করে ভারতে প্রবেশ করবে। সেখান থেকে ভারত-নেপাল-ভূটান-পাকিস্তান ও মালদ্বীপে গিয়ে শেষ হবে। এই সময়ে শোভাযাত্রাটি  প্রায় ৮ হাজার কিলোমিটার পথ যাত্রা করবে।

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় ১৪ তম সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এ র‌্যালির আয়োজন করা হয়েছে । এ উপলক্ষে কক্সবাজারে গত কয়েকদিন ধরেই চলছিল সাজ সাজ রব। রাস্তাঘাট মেরামত করা আর রাস্তার পাশের দোকানগুলোতে লাগানো হয়েছে নতুন রং। এদিকে সার্কভুক্ত দেশগুলোর অতিথিদের আগমনে হোটেল-মোটেলগুলোও বেশ রমরমা।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবানুসারে এই মোটর শোভাযাত্রার  সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্রটি জানায়, র‌্যালিতে ২৬ টি গাড়ির প্রতিটিতে বাংলাদেশসহ সার্কভুক্ত সাতটি দেশের ১২০ জন তারকাসহ বিশিষ্ট নাগরিকরা অংশ নিচ্ছেন।