বিডিআরের ন্যায্যমূল্যের দোকানগুলোতে বিক্রি বেড়েছে
রাজধানীতে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পরিচালিত ন্যায্য মূল্যের দোকানগুলোতে বিক্রি বেড়েছে। শুক্রবার কয়েকটি বাজার ঘুরে ক্রেতা এবং বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ১৭টি ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এসব বাজারে প্রতি কেজি আলু ১৪ টাকায়, দেশী আদা ২২ টাকা, পেঁয়াজ ২১ টাকা, দেশী রসুন ৪০ টাকা, দেশী মশুর ডাল ৬৩ টাকা এবং বিদেশী লাল মশুর ডাল ৪৬ টাকা এবং বিদেশী হালকা লাল মশুর ডাল ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানালেন, খোলাবাজারের পণ্যের দামের চেয়ে এসব বাজারে বিভিন্ন পণ্যের দাম কেজি প্রতি ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কম থাকায় এসব বাজারের প্রতি তারা আগ্রহী হয়ে উঠেছেন।
সংসদভবনের সামনে টিঅ্যান্ডটি মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠ, তাজমহল রোডের মাঠ ও ধানমন্ডি ঈদগাঁও মাঠসহ বিভিন্ন স্থানে বসা ন্যায্য মূল্যের বাজারগুলোর পরিচালনার দায়িত্বে থাকা বিডিয়ার সদস্যরা জানান, ক্রেতারা নতুন বাজারগুলো খবর পেতে শুরু করছে মাত্র। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার প্রতিটি বাজারে বিক্রির পরিমান দ্বিগুনের চেয়ে বেশি।
তবে ক্রেতারা বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় আরো বিভিন্ন পণ্য যেমন চাল, সয়াবিন তৈল, মাছ ও মাংস বিক্রির দাবি জানিয়েছেন।
বিডিআর সদস্যরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে এসব বাজারে চাল পাওয়া যাবে।
শুক্রবার দুপুরে টিঅ্যান্ডটি মাঠের বাজারের ক্রেতা কায়সার আহমেদ বলেন, অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন পণ্যের দাম যেভাবে বাড়ছে, এ বাজার আমাদের তা থেকে খানিকটা স্বস্তি দিয়েছে।
তিনি বলেন, “রমজান মাসেও আমি এই বাজার থেকে পন্য কিনেছি। কিন্তু এখন তেল, মাংস ও মাছ নেই। এসব পণ্য পাওয়া গেলে আরো ভাল হতো।”
সুবেদার মো. আব্দুল মালেক বলেন,“ জনগনের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার এ বাজারে প্রায় ২৩ হাজার টাকা বিক্রি করলেও শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৪৫ হাজার টাকার পণ্য।”
তিনি বলেন, চাহিদা মোতাবেক বিডিআর সদরদপ্তর থেকে সরবরাহ আসছে।
ধানমন্ডি ক্লাব মাঠের বাজারে দুপুর বেলায় তিন ঘন্টা রসুন সরবরাহ ছিল না। এ বাজারের দায়িত্ব প্রাপ্ত সুবেদার মো. আব্দুল জলিল ঘটনাটি স্বীকার করে বলেন, নতুন করে শুরু হওয়ায় এখনও চাহিদা সঠিকভাবে নির্ধারণ করা যায়নি।
তিনি বলেন,“আগেরদিন ১৫ হাজার টাকা বিক্রি হলেও ইতোমধ্যে প্রায় ৫৪ হাজার টাকার জিনিস বিক্রি হয়েছে।”
এ বাজারের ক্রেতা হালিমা খাতুন বলেন,“ খোলা বাজারের চেয়ে প্রতি কেজি আদার দামের পার্থক্য প্রায় আট টাকা। তাই বেশি করে আদা কিনতে এসেছি।”
তবে এসব বাজার কতদিন চলবে তা বিডিআর সদস্যরা জানাতে পারেনি। গত বছর রমজানে এমন উদ্যোগ নিলে তা ২৭ দিন চালু ছিল। রমজান মাসে এসব বাজারে মাছ ও মাংস বিক্রি হতো বলে জানা যায়।
ধানমন্ডি ঈদগাঁও মাঠের বাজারের বিডিআর সদস্য হাবিলদার আব্দুস সালাম জানালেন, এই গরমে মাছ ও মাংস বিক্রি করা সম্ভব নয়।
তিনি জানান,“শুক্রবার বিক্রি প্রায় তিনগুন বেড়েছে।”
বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠের বাজারের দায়িত্ব প্রাপ্ত নায়েক সুবেদার লিয়াকত আলী জানান, আগেরদিন আট হাজার টাকা বিক্রি হলেও শুক্রবার নামাজের আগে প্রায় ২০ হাজার টাকার পণ্যসামগ্রী বিক্রি হয়েছে।
বাজারগুলো প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত চলবে। তবে শুক্রবার জুমার নামাজের জন্য দেড় ঘন্টা বন্ধ থাকবে।
এছাড়া গুলশান তিতুমীর কলেজ মাঠ, উত্তরা উচ্চ বিদ্যালয় মাঠ, বনানী মাঠ, খিলগাঁও পল্লীমা স্কুল মাঠ, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মহীদ সলিমুল্লাহ রোড পানির ট্যাংকি মাঠে, পল্লবী ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-২ নুরানী ইসলামীয়া মাদ্রাসা, আগাঁরগাও শেরে বাংলা কমিউনিটি সেন্টার কমলাপুর টিটিপাড়া, আজিমপুর কলোনি কমিউনিটি সেন্টারে এবং হাজারীবাগ গজমঙ্গল স্কুল মাঠে এধরনের ন্যয্যমূল্যের বাজার চালু করা হয়েছে।
