প্রধান উপদেষ্টা রোববার সিলেট যাচ্ছেন
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ একদিনের সফরে রোববার সিলেটে যাবেন। সিলেটে কয়েকটি কর্মসূচি শেষে দুপুরের পর তিনি হবিগঞ্জে বিবিয়ান গ্যাস ক্ষেত্র উদ্বোধন করবেন।
তার সফরসঙ্গী হিসেবে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী ও মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস থাকছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমান।
প্রধান উপদেষ্টা সকাল নয়টার দিকে হেলিকপ্টার যোগে সিলেট পৌঁছাবেন। সকালে হযরত শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর সফর শুরু হবে।
এরপর সকাল পৌনে ১১টায় নগরীর সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ও দুপুর একটায় সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক কার্যালয়ের এন ডি সি (নেজারত ডেপুটি কালেক্টর) আহসান হাবীব শনিবার সকাল ১১টায় নফহবংি২৪.পড়স কে জানান, প্রধান উপদেষ্টার কর্মসুচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বেলা সাড়ে তিনটায় প্রধান উপদেষ্টা হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস--ক্ষেত্র উদ্বোধনের জন্য সিলেট ত্যাগ করবেন। রোববার বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক দুই মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা শুরু হবে।
বিবিয়ানায় গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের বাংলাদেশ প্রেসিডেন্ট এন্ড্রু ফ্রথ্রপ জানান, ২০০৮ সাল থেকে দৈনিক ছয়শ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
বিবিয়ানায় দুই দশমিক চার থেকে পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন গ্যাস মজুদ রয়েছে। কোন প্রকার দুর্ঘটনা না ঘটলে আগামী ২০-২৫ বছর গ্যাস তোলা যাবে বলে আশা করছেন এন্ড্রু ফথ্রপ।
প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে গ্যাসক্ষেত্র এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমান।
প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে বিকেল চারটা ২৫ মিনিটে হবিগঞ্জ ত্যাগ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
