সাতকানিয়ায় চাঁদাবাজের গুলিতে আহত ৩
সাতকানিয়া উপজেলার একটি বালুমহালে চাঁদাবাজের গুলিতে রোববার সকালে এক শিশুসহ তিনজন আহত হয়েছে।
গুরুতর আহত শ্রমিক মো. দিদারকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বালুমহালের ঠিকাদার বকস মিয়া (৬৫) ও আড়াই বছরের শিশু আজমলকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
পুলিশ সূত্র জানায়, নলুয়া ইউনিয়নের গাঠিয়াডাংগা এলাকার কাটিয়ার চরে শনিবার বিকালে বকস মিয়া কিছু শ্রমিক নিয়ে বালু তুলতে গেলে কয়েকজন চাঁদা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
রোববার সকালে আবার একই ঘটনা ঘটে। এক পর্যায়ে চাঁদাবাজরা শ্রমিকদের ওপর গুলি চালায়।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর মো. রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদ উন্নয়নের বালি নিয়ে এ ঘটনাটি ঘটে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
