সার্ক কার র্যালি এখন বগুড়ায়
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সার্ক কার র্যালি শনিবার বগুড়া পৌঁছেছে। বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ হয়ে কার র্যালি বগুড়ায় পৌঁছালে পথের দুপাশে স্কুল শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ও ড্রাম বাজিয়ে অভ্যর্থনা জানায়।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন। মাসব্যাপী এই র্যালিতে সার্কভুক্ত দেশগুলোর ১০৯ জন প্রতিনিধি বাংলাদেশের বিভিন্ন জেলার ১৩০০ কিলোমিটার ভ্রমণ শেষে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে যাবে। র্যালিটি সাতটি দেশের আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৪ এপ্রিল মালদ্বীপের রাজধানীতে গিয়ে শেষ হবে।
সাভার প্রতিনিধি জানান, সার্ক কার র্যালি ঢাকা--আরিচা মহাসড়ক দিয়ে সাভার স্মৃতিসৌধ পৌঁছায় সকাল সাগে ৯টার দিকে। এ সময় মহাসড়কের দুপাশে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রায় দেড়শ শিক্ষার্থী র্যালিকে স্বাগত জানান।
এরপর বিজে কেশ্যাপ এর নেতৃত্বে র্যালিতে অংশ নেওয়া ৯০ জন ভারতীয় নাগরিক জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টার দিকে নবীনগর কালিয়াকৈর সড়ক হয়ে টাঙ্গাইলের উদ্দেশে কার র্যালি আবার শুরু হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ হানিফ এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, সার্ক কার র্যালি সকাল এগারোটা ৪০ মিনিটে টাঙ্গাইল জেলার প্রবেশ মুখ মির্জাপুর ক্যাডেট কলেজ পৌঁছে। সড়কের দুপাশে দাড়িয়ে হাজার হাজার শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা ‘ওয়েলকাম সার্ক কার র্যালি’ স্লোগান এবং সার্ক দেশগুলোর পতাকা নেড়ে তাদের স্বাগত জানায়। সড়কের পাশে মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে ভারতেশ্বরী হোমসের সহস্রাধিক ছাত্রী।
বিশ মিনিটের অনুষ্ঠান শেষে বেলা বারটায় আবার শুরু হয়ে র্যালি মির্জাপুর শহর বাইপাস, দেলদুয়ার, বাসাইল, টাঙ্গাইল শহর বাইপাস ও এলেঙ্গা হয়ে যমুনা সেতুর (পূর্ব) যমুনা রিসোর্টে পৌছে বেলা দেড়টায়। দুপুর তিনটায় অতিথিতিরা দুপুরের খাবার শেষে সেতু হয়ে সিরাজগঞ্জ পৌঁছান।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করে কার র্যালি। যমুনা সেতু গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. ইব্রাহীম খলিল, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্র---ছাত্রীরা সার্কভুক্ত দেশের পতাকা ও ফেস্টুন নেড়ে অতিথিদের স্বাগত জানান।
সিরাজগঞ্জ প্রশাসন অতিথিদের সিরাজগঞ্জের তাঁত উপহার দেন। এছাড়া হাতিকুমরুল মোড়ে সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার শত শত আদিবাসী নারী পুরুষ তাদের নিজস্ব নাঁচ--গান পরিবেশন করেন। র্যালিটি পরে বগুড়ার উদ্দেশে যাত্রা করে।
বগুড়া প্রতিনিধি জানান, বিকেল ৪টার দিকে কার র্যালিটি বগুড়া জেলা সীমনায় শেরপুরের সীমাবাড়ী এলাকায় প্রবেশ করে। এ সময় উত্তরবঙ্গ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা স্কুল--কলেজের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে র্যালির অতিথিদের বরণ করে নেন।
কার র্যালিটি প্রায় ৩৮ কিলোমিটার পথ অতিক্রম করে বিকেল সাড়ে ৫টায় বগুড়া শহরের ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে পৌঁছায়। বগুড়ার জেলা প্রশাসক আব্দুল গণি এবং পুলিশ সুপার জামিল আহমদ সেখানে র্যালিতে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। শেরপুরের সীমাবাড়ী থেকে হোটেল নাজ গার্ডেন পর্যন্ত মহাসড়কের দুপাশে স্কুল--কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি হাজার হাজার জনতা সার্ক দেশ দেশগুলোর পতাকা নেড়ে কার উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালির অতিথিদের সম্মানে রাতে নাজ গার্ডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় নৈশভোজ।
রাতে যাত্রাবিরতি পর রোববার বগুড়ার মহাস্থান গড় ঘুরে দুুপুরের আগেই কার র্যালিটি লালমনিহাটের উদ্দেশে রওনা হবে।
