বাগেরহাটে ১৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল আটক
দক্ষিণাঞ্চলের কোস্টগার্ড সদস্যরা তিনটি জেলার বিভিন্ন্ নদী ও খালে গত ১০ দিন ধরে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে।
কোস্টগার্ড সদস্যদের কয়েকটি টিম গত ৫ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী ও খালে এই অভিযান চালায়। তবে এসব অভিযানে কাউকে আটক করা হয়নি।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার জানান, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় কোস্টগার্ড সদস্যদের কয়েকটি দল তিন জেলার বিভিন্ন নদী ও খালে পৃথক অভিযান চালিয়ে এই কারেন্ট জাল আটক করে।
আটককৃত এসব জালের মধ্যে রয়েছে নয় হাজার ২৫০ মিটার বেন্দী জাল, চার হাজার ৭০০ মিটার চিংড়ি পোনা ধরার জাল ও সাতশ মিটার কারেন্ট জাল। আটককৃত এসব জালের মূল্য ১৫ লাখ টাকার বেশী বলে জানিয়েছে কোস্টগার্ড।
এর আগে গত ১৫ ফেব্র“য়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী ও খালে অভিযান চালিয়ে এক কোটি তিন লাখ টাকা মূল্যের অবৈধ বিভিন্ন কারেন্ট জাল উদ্ধার করে।
