তানিয়া হত্যা মামলার ২ আসামি রিমান্ডে
-ঢাকার স্কুল শিক্ষিকা তাহমিনা শারমিন তানিয়াকে হত্যাকারী ভাড়াটে দুই খুনী মিজান ও শাহিনকে বৃহস্পতিবার পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিজান ও শাহিনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পটুয়াখালীর জেলা প্রশাসক এ জি এম মীর মশিউর আলম, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি স্বামীর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসে খুন হন খিলগাঁও শহীদ বাবুল একাডেমির সহকারী শিক্ষিকা তাহমিনা শারমিন তানিয়া। পুলিশ ওই রাতেই কলাপাড়া থেকে স্বামী জাহিদ হাসান জুয়েলকে আটক করে। পরে জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে মিজানকে ঢাকার খিলগাঁও থেকে এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে বুধবার দুপুরে শাহিনকে গ্রেপ্তার করে র্যাব।
মিজানের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বেতকা গ্রামে এবং শাহীনের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, তানিয়া হত্যা মামলার সব আসামীই ধরা পড়েছে। কয়েক দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে।
