সাভারে র্যাব সদস্য হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
সাভারের বালিয়ারপুর মধুমতি মডেল টাউনের ভেতর বৃহস্পতিবার ভোররাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাংচিল বাহিনীর সদস্য আদনান বাবু (২৩) ও বাসেদ (২২) নিহত হয়েছেন।
নিহতরা ৩ মার্চ আমিন বাজারের সালেপুর এলাকায় দুই র্যাব সদস্য সাভার ক্যাম্পের গোয়েন্দা শাখার ডিএডি হুমায়ুন কবীর ও কনেস্টবল ফুলমিয়া হত্যা মামলার আসামি। এই নিয়ে ওই হত্যা মামলার মোট ছয় আসামি ‘ক্রসফায়ারে’ অথবা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলেন। মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। বাকি নয় জনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
গত ৬ মার্চ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত গাংচিল বাহিনীর সদস্য মোহাম্মদ মামুন (২৫) আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশনের পেছনে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন। ১২ মার্চ ভোররাতে চিশতিয়া ফিলিংস্টেশনের পাশে খোকনের ইট ভাটায় ‘লাইন অফ ফায়ারে’ পড়ে নিহত হন একই বাহিনীর সদস্য হোসেল (২৩), মোস্তাক (২৪) ও আবু সালেহ আহম্মেদ ওরফে সালে।
র্যাব--১১ সাভার ক্যাম্পের এএসপি সোলায়মান কবীর নফহবংি২৪.পড়স কে জানান, বুধবার রাতে র্যাব--১১ এর উপ--সহকারি পরিচালক (ডিএডি) হারুনের নেতৃত্বে সাভার থানা এলাকায় র্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় মধুমতি মডেল টাউনের ভেতর সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে বলে তারা খবর পায়।
পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে র্যাবের দুটি টিম মধুমতি মডেল টাউনের ৭নং রোডের বি--ব্লকে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ‘লাইন অফ ফায়ারে’ পড়ে গাংচিল বাহিনীর ২ সদস্য আদনান বাবু ও বাসেদ নিহত হয়।
সকালে পুলিশ লাশ উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পাঠায়। সেখানে দুপুর ২ টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আকনুর রহমানের উপস্থিতিতে সাভার থানার এস আই মনিরুজ্জামান সূরহতাল প্রতিবেদন করেন।
সুরতাহাল প্রতিবেদনে বলা হয়, এক জনের শরীরে অন্যান্য আঘাতের চিহ্ন রয়েছে এবং দুজনের শরীরেই তিনটি করে বুলেট বিদ্ধ হয়েছে।
অবশ্য হাসপাতালে নিহত বাসেদের বড় বোন তারাবানু জানান, প্রায় এক মাস আগে থেকে বাসেদ নিখোঁজ ছিল। ৫/৬ দিন আগে শেরপুর থেকে বোন ময়না আক্তার টেলিফোনে জানায়, বাসেদকে র্যাব সদস্যরা ধরে নিয়ে গেছে। পরে বৃহস্পতিবার সকালে র্যাবের গুলিতে বাসেদের মৃত্যুর খবর পাওয়া যায়।
