সালাউদ্দিন, নাসের, পঙ্কজ ও ফিরোজের আটকাদেশ অবৈধ
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ দেবনাথ ও টিএন্ডটির সিবিএ নেতা ফিরোজ মিঞার আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মীর নাসিরউদ্দিনসহ আটকাদেশপ্রাপ্ত ৪ জনের পক্ষে দায়ের করা আবেদনের ওপর পূর্নাঙ্গ শুনানি গ্রহন করে এই আদেশ দেন। তাদেরকে গত ৪ ফেব্রয়ারি গ্রেফতারের পর ৫ ফেব্র“য়ারি বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট জাহাঙ্গীর হোসেন সেলিম ও মোঃ সিদ্দিক।
এদিকে হাইকোর্টের একই বেঞ্চ সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এইচ এ সেলিমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী ১০ দিনের মধ্যে তার কারণ দেখাতে সরকারকে আদেশ দিয়েছে।
৭ মার্চ রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও এডভোকেট খায়রুল আলম।
