ঝুকি হ্রাস কর্মসূচির ৮৮ কোটি ঋণ বিতরণে অনিয়ম তদন্ত হচ্ছে
দুর্যোগজনিত ঝ্ুঁকি হ্রাস কর্মসূচির নামে জোট সরকারের আমলে প্রায় ৮৮ কোটি টাকা ঋণ প্রদানে অনিয়ম ও এর সিংহভাগই আদায় না হওয়ার বিষয়টি তদন্ত শুরু করেছে সরকার।
অভিযোগ আছে, কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ৮৭ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৩৬৩ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সরাসরি সুপারিশে নির্বাচনী এলাকায় দলীয় কর্মীদের নামে বরাদ্ধ দেওয়া হয়েছে ঝুঁকি হ্রাস কর্মসূচির ঋণ। ঋনের টাকা ফেরত দেওয়ার নির্ধারিত সময় অনেক আগেই শেষ হলেও আদায় হয়েছে মাত্র ১৪ শতাংশ। অনাদায়ী ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি তৎকালীন সরকার।
এ প্রসংঙ্গে মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, “দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় বিতরণকৃত ঋনের ব্যাপারে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সার্বিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা অনুসরণ করে ঋণ দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বকেয়া ঋনের টাকা দ্রুত আদায় করতেও বলা হয়েছে সংশ্লিষ্টদের।”
প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “ঋণ বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ঋণ পরিশোধ করতে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ অথবা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের লোকদের ‘আয় সঞ্চারক সম্পত্তির’ (ইনকাম জেনারেটিং এসেট) পুনর্বাসনে জোট সরকার ২০০৩ সালে দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস কর্মসূচি গ্রহণ করে। ঠিক হয়, যাদের মাসিক নিট আয় সাড়ে তিন হাজার টাকা অথবা তার নিচে কেবল সেইসব ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
ক্ষতিগ্রস্ত যে ধরনের সম্পদের ওপর এ ঋণ সহায়তা দেওয়ার বিধান করা হয় তা হচ্ছে,Ñ হস্তশিল্পচালিত তাঁত শিল্পসহ ক্ষুদ্র কুটিরশিল্প, নৌকা/রিকশা/সাইকেল ভ্যান/ঠেলাগাড়ি অথবা অন্য মোটর চালিত যানবাহন, নার্সারি বা ফলফুলের বাগান, গবাদি পশু ও হাঁস-মুরগির ক্ষুদ্র খামার, ক্ষুদ্র আকারের মৎস্য খামার, দোকানপাট এবং মহিলা উদ্যোক্তাসহ আত্মকর্মসংস্থানকারী ব্যক্তির আয় সঞ্চারক সম্পদ।
সূত্রটি জানায়, জোট সরকার ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় ২০০৩-২০০৪ অর্থ বছরে ১২ কোটি ৫০ লাখ টাকা, ২০০৪-২০০৫ এ ৩৫ কোটি, ২০০৫-২০০৬ এ ৬৯ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার এবং ২০০৬-২০০৭ এ ১০ কোটি টাকা অর্থাৎ চার অর্থ বছরে মোট ১২৭ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্ধ দিয়েছিল।
এর মধ্যে ৮৭ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৩৬৩ টাকা এক লাখ ১৮ হাজার ৮১৯ জনের মধ্যে বিতরণ করা হয়। ২০০৬-২০০৭ অর্থ বছরে বরাদ্ধকৃত ১০ কোটি টাকার বিতরণ করা হয়নি। এই অর্থ বিতরনের সকল প্রক্রিয়া চূড়ান্ত করেছে বর্তমান সরকার। শিগগিরই বিতরণ কাজ শুরু হবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো’র একাধিক সূত্র জানিয়েছে, ঝুঁকি হ্রাস কর্মসূচির নীতিমালার কোন তোয়াক্কা না করে মন্ত্রণালয়ের নির্দেশে ১৮৩ টি নির্বাচনী এলাকায় ওই ঋণের বেশিরভাগ বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটিগুলো ছিল অসহায়। কোন ধরনের যাচাই--বাছাই ছাড়াই উপরের নির্দেশে ঋণ বিতরণে বাধ্য হয় কমিটিগুলো।
সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর নির্বাচনী এলাকায় এক কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হয়েছিল গাভী কেনার জন্য। তৎকালীন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে এ অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। ২০০৩-২০০৪ অর্থ বছরের বাজেট থেকে দেওয়া এ অর্থের বিপরীতে এখন পর্যন্ত আদায় হয়েছে এক লাখেরও কম টাকা।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুর এলাকায় বিতরণ করা এক কোটি পাচঁ লাখ টাকার বিপরীতে এখন পর্যন্ত এক টাকাও আদায় হয়নি। তিনি পুরো ঋণ মওকুপের জন্য তৎকালীন সরকারের কাছে আবেদন করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, অধিকাংশ ঋণগ্রহীতা পরপর তিন কিস্তি শোধ করতে ব্যর্থ হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়মিত অনুষ্ঠিত হয়নি স্টিয়ারিং কমিটিসহ অন্যান্য কমিটির নিয়মিত বৈঠকও।
প্রসঙ্গত, কর্মসূচির নীতিমালা অনুযায়ী পরপর তিন কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সহায়তার সকল অর্থ (অনুদান ও ঋণ) ঋণে পরিণত হবে এবং বার্ষিক আট শতাংশ চক্রবৃদ্ধিহারে নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধযোগ্য হবে।
সহায়তার পরিমাণ পাঁচ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হলে শতকরা ২৫ ভাগ হবে সরকারি অনুদান এবং বাকি ৭৫ ভাগ হবে ঋণ। সহায়তার পরিমান ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হলে অনুদানের পরিমান হবে শতকরা ২০ ভাগ এবং ঋণের পরিমান হবে শতকরা ৮০ ভাগ।
ঋণ হিসেবে দেওয়া অর্থের জন্য চার শতাংশ হারে সার্ভিস চার্জ দেওয়ার বিধান রাখা হয়েছে। সার্ভিস চার্জসহ ঋনগ্রহীতার সুবিধা অনুযায়ী মাসিক, দ্বিমাসিক অথবা ত্রৈমাসিক কিস্তিতে সহায়তা গ্রহনের ছয় মাস পর থেকে পরবর্তী দুই বছরের মধ্যে তা পরিশোধ করতে হবে।
ঋণ প্রদানে অনিয়ম ও তা আদায় না হওয়া প্রসঙ্গে জানতে জাতীয় স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ধীরাজ মালাকারের সঙ্গে যোগযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
