২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলি বিনিময়ের পর দুজনকে আটক করেছে র‌্যাব

জেলার পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নয়াহাটে রোববার গুলিবিনিময়ের পর অস্ত্র চোরাকারবারি দলের দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের এক জন গুলিতে আহত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

গুলিবিদ্ধ আরিফকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তির নাম জীবন চৌধুরী (৩০)।

র‌্যাব-৭ এর মেজর আনিস জানান, অস্ত্র বিক্রেতাদের সাথে র‌্যাবের সংঘর্ষে র‌্যাবের এক সদস্যও সামান্য আহত হয়েছে। র‌্যাব তাদের কাছ থেকে একটি এলজি এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৭ এর একটি দল অস্ত্র ক্রেতা সেজে রোববার বিকালে পটিয়ার জঙ্গলখাইনে যায়। ফ্লাইট সার্জেন্ট মিজানের নেতৃত্বে সাদা পোশাকের র‌্যাবের দলটি সোর্সের মাধ্যমে একটি একে--ফরটি সেভেন রাইফেল কেনার প্রস্তাব দেয়। এ নিয়ে দরাদরির এক পর্যায়ে অস্ত্র বিক্রেতারা ক্রেতাদের পরিচয় টের পেয়ে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক অস্ত্র বিক্রেতা গুলিবিদ্ধ হয়। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক জীবন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে।