২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জামিনের আবেদন নাকচ, অভিযোগপত্র গ্রহণ

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে ঢাকার দ্রুত বিচার আদালত। একই মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ওই চাঁদাবাজির মামলার অপর আসামী নুর উদ্দিন অপুর বিরুদ্ধে গ্রেপ্তারি ও সম্পত্তি ক্রোক করার পরোয়ানা জারি করেছে দ্রুত বিচার আদালত। অপুকে গ্রেপ্তার করতে না পারলে তার সম্পত্তি ক্রোকের পর তারেককে আবার ২৯ মার্চ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।    

সোমবার ঢাকার দ্রত বিচার আদালত-২ এর হাকিম আব্দুর রউফের আদালতে অভিযোগপত্র  গ্রহণের শুনানির জন্য সকাল ১১টা ৩৫ মিনিটে তারেক রহমানকে সেখানে হাজির করা হয়। এসময় তার পরনে ছিল আকাশি রংয়ের হাফহাতা শার্ট। বিশেষ নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়। তাঁকে দেখতে আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ  অনেকে উপস্থিত হন।

অভিযোগপত্রের ওপর শুনানি শেষে আদালত তা গ্রহণ করে।

আদালতে হাকিম বলেন, “অভিযোগপত্র গ্রহণ করা হলো। এর নম্বর ৮২। অভিযোগপত্রে এক নম্বর আসামী হিসেবে তারেক রহমান এবং দুই নম্বর আসামী হিসেবে মিয়া নুর উদ্দিন অপুকে দেখানো হয়েছে। পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা/ক্রোকি পরোয়ানা জারি করা হোক।”

আদালতে তারেকের আইনজীবীরা বলেন, অভিযোগপত্রের বিশ্বাসযোগ্যতা নেই। একারণে এ মামলাটি আমলে নেওয়া যায় না।

তারা বলেন, তারেক রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তার চেহারায় নির্যাতনের সুষ্পষ্ট ছাপ ফুটে ওঠেছে।

আদালতে অভিযোগপত্রের সংক্ষিপ্ত পড়ে শোনায় পুলিশ।

দ্রুত বিচার আদালতে অভিযোগপত্রের শুনানির পর দুপুর দেড়টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তারেক রহমানের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।

আবেদন শুনানির পর বিরতি নিয়ে বিকাল পাঁচটায় জামিন নামঞ্জুর করেন  বিচারক মো. মমিন উল্লাহ। তিনি বলেন, মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং বিচারের জন্য প্রস্তুত করা হয়েছে। একারণেই তার জামিন আবেদন এই পর্যায়ে মঞ্জুর করা যাচ্ছে না।

জামিন শুনানিতে তারেকের পক্ষে অংশ নেন টিএইচ খান, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সানাউল্লাহ মিয়া প্রমূখ আইনজীবী।

অভিযোগপত্র শুনানিতে তারেকের পক্ষে ছিলেন সাবেক চিফ হুইপ অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট লুৎফে আলম, মাসুদ আহমেদ খান, মাসুদ আলম তালুকদার, ব্যারিস্টার নওশাদ জমির, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।

রোববার বিকেলে গুলশান থানা পুলিশ তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার অভিযোগপত্র জমা দেন।