স্বতন্ত্র বাজেট প্রণয়নের ক্ষমতা পেয়েছে আরও ৪ মন্ত্রণালয় ও বিভাগ
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আরও চারটি মন্ত্রণালয় ও বিভাগসহ মোট ১৪টি মন্ত্রণালয় ও বিভাগকে স্বতন্ত্রভাবে নিজস্ব বাজেট প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
নতুন চারটি মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানায়, এর আগে চলতি অর্থবছরে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ স্বতন্ত্রভাবে মধ্যমেয়াদি (তিন বছরের জন্য) বাজেট প্রণয়ন করেছে। এগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার তার কার্যালয়ের সভাকক্ষে ১৪টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে সভা করেন। এতে ভারপ্রাপ্ত অর্থ সচিব ড. মোহাম্মদ তারেকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী সাংবাদিকদের জানান, সভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বতন্ত্র মধ্যমেয়াদি বাজেট প্রণয়নের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, এককভাবে নয়, সরকারের নীতি ও প্রাধান্যের ভিত্তিতে মধ্যমেয়াদি বাজেট প্রণয়ন করা হবে।
সভায় মধ্যমেয়াদি বাজেট প্রণয়নের ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অবকাঠামোগত অগ্রগতি ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
