বিচারপতী ফয়জীর সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আদালত বিচারপতি ফয়জীর সনদ বাতিলের ব্যাপারে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং প্রকাশিত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে রুল জারি করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেট কমিটি, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং দুটি তদন্ত কমিটির চার সদস্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। এছাড়া যে টেবুলেশন সিটে ঘষামাজার অভিযোগে বিচারপতি ফয়জীর সনদ বাতিল করা হয়েছে তার মূল কপি তলব করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আওয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এলএলবি সনদ বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট মামলার ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এসব আদেশ দেয়।
রিটের শুনানিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেন, বিষয়টি বিচারাধীন বলে এবং ন্যায়বিচার ও আইনের শাসনের স্বার্থে বিচারপতি ফয়জীর বিচারকাজে বসা উচিত নয়। কারণ শুনানির পর হেরে গেলে তিনি যেসব বিচারকাজ করবেন তা প্রশ্ন সাপেক্ষ হবে।
শফিক আহমেদ আরো বলেন, হাইকোর্টের এ আদেশের ফলে বিচারপতি ফয়জীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত করতে কোনো বাধা নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার নিজস্ব গতিতে চলবে।
বিচারপতি ফয়জীর কৌসুলী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান অবশ্য বলেছেন, হাইকোর্টে রিট মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। হাইকোর্টের আদেশের বিষয়ে বিচারপতি ফয়জীর কোনো প্রতিক্রিয়া নেই বলে তিনি জানান।
সনদ বাতিলের সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং গেজেটের বৈধতা নিয়ে বিচারপতি ফয়জীর দায়ের করা রিট মামলার শুনানিতে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, বিচারপতি ফয়জী ১৯৯০ সালে এলএলবি পরীক্ষায় উত্তীর্ণ হন। সাময়িক সনদের ভিত্তিতে তিনি আইনজীবী হন। পরে হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ পান। এলএলবি পরীক্ষা পাসের ১৮ বছর পর সনদ জালিয়াতি প্রমাণ সম্ভব নয়। কারণ সেই এলএলবি পরীক্ষার খাতা এখন আর নেই। খাতা থাকলে বিচারপতি ফয়জী পাস করেছেন নাকি ফেল করেছেন তা প্রমাণ করা যেত।
তিনি আরো বলেন, দুটি তদন্ত কমিটির কোনটিতেই বলা হয়নি জালিয়াতির সঙ্গে বিচারপতি ফয়জী জড়িত। কেবল বলা হয়েছে টেবুলেশন সিটে একটি পত্রের নম্বরে ঘষামাজা রয়েছে। মোট নম্বরের যায়গায় ঘষামাজা নেই। এছাড়া ওই টেবুলেশন সিট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দখল ও নিয়ন্ত্রনে ছিল। ঘষামাজার সঙ্গে বিচারপতি ফয়জী জড়িত একথা তদন্ত প্রতিবেদনে বলা হয়নি। বেআইনিভাবে তার সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিলের আগে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি, যা ন্যয়বিচারের স্বাভাবিক নীতির পরিপন্থী।
ফল বাতিলের বিষয়টি গেজেটে প্রকাশিত হয়েছে কিনা আদালত জানতে চাইলে ব্যারিস্টার সোবহান বলেন, গেজেটের কপি এখনও পাওয়া যায়নি। তবে পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এটি প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, এলএলবি সনদ বাতিল করে বিচারপতি ফয়জীর সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ও বৈষম্যমূলক আচারণ করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৌসুলী ড. কামাল হোসেন বিদেশে থাকায় তার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ সময় প্রার্থনা করেন। আদালত সময় না দিয়ে তাকে প্রশ্ন করেন, ১৬ বছর এ বিষয়ে কেন নিষ্পত্তি করেননি। বিচারপতি ফয়জীকে সাময়িক সনদ দেওয়া হয়েছে। এর ভিত্তিতে তিনি আইনজীবী ও বিচারপতি হয়েছেন। তার এতগুলো বছর কি ফিরিয়ে দিতে পারবেন?
জবাবে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও মান উন্নয়নের লক্ষ্যে পরীক্ষার ফলে ভুলত্রুটি সংশোধনের এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের রয়েছে। এক্ষেত্রে আদালতের কিছু করার নেই।
প্রসঙ্গত, গত ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিল করে দেয়। সনদ বাতিলের বিষয়টি প্রকাশিত হওয়ার দিন ৪ মার্চ বিচারপতি ফয়জীকে বিচারকাজ থেকে প্রত্যাহার করে নেন প্রধান বিচারপতি। গত ৫ মার্চ বিচারপতি ফয়জী ১৫ মার্চ পর্যন্ত ছুটি নিয়েছিলেন। ১৫ মার্চ তিনি সেই ছুটি মেয়াদ ২৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে নেন।
