২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির পরিচয়ে চট্টগ্রামে বিচারককে প্রাণনাশের হুমকি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)--এর নামে চিঠি পাঠিয়ে চট্টগ্রামের এক বিচারককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নগরীতে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

জেএমবি সদস্য পরিচয় দিয়ে ডাকযোগে পাঠানো পাঠানো চিঠিটি  সোমবার বেলা পৌনে একটায় চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইকরামুল হক চৌধুরীর ঠিকানায় পৌঁছায়। 

চিঠিটি পাওয়ার পর তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এই ঘটনায় ওই বিচারকের বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে পুলিশ আদালতসহ নগরীর বিশেষ ও গুরুত্বপূর্ণ ২৩টি স্পটে চেকপোস্ট বসিয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে। পুলিশ সন্দেহজনক প্রতিটি গাড়ি এবং যাত্রীদের তল্লাশি করছে।

জেএমবি সদস্যরা এর আগেও একবার টেলিফোন করে এই বিচারককে হত্যার হুমকি দিয়েছিল। 

বিচারক জেএমবির হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে  কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, কিছুদিন আগে এই বিচারক একটি মামলায় জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, চিঠিতে লেখা ছিল, ‘আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে রায় দিয়েছেন। কলেমা পড়ে প্রস্তুত থাকুন। আমাদের পাঁচ সদস্য আপনার পেছনে আছে। যেকোনো সময় রায় কার্যকর করা হবে।’

তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইকরামুল হক চৌধুরীর আদালত কয়েকদিন আগে একটি অস্ত্র মামলায় জেএমবির চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল মহম্মদ এবং কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার নাইমুজ্জামান সোহাগকে ২০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করে। 

এ ছাড়া চট্টগ্রামে জেএমবির সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত বেশ কয়েকটি মামলা বর্তমানে এ আদালতে বিচারাধীন রয়েছে।