ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা
নির্বাচন কমিশন প্রায় ৭০ লাখ প্রবাসী বাংলাদেশীকে ভোটাধিকার দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, “ যাতে প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার কার্যকর করা যায় সেটা আমরা সক্রিয়ভাবে দেখবো। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ও অন্যান্য নির্বাচনী আইন সংস্কার করার প্রয়োজন পড়বে।”
২০০১ সালে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদানের ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা যায়নি।
রোববার যুক্তরাজ্য ভিত্তিক বৃহত্তর সিলেট উন্নয়ন কল্যাণ পরিষদের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান।
আরেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন জুলাই পর্যন্ত নির্বাচনী আইনগুলোর সংস্কার করবে। এরপর কমিশন ডিজিটাল পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকার কাজে হাত দেবে।
