দুদক চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে। ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের সহকারি মহাপরিচালক সুলতান হাফিজ রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি তার সঙ্গে কমিশনের জনবল কাঠামো, চলমান দুর্নীতি বিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।
বৈঠক শেষে সুলতান হাফিজ সাংবাদিকদের বলেন,“বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য এডিবি সরকারকে বিভিন্ন সহযোগিতার করে যাচ্ছে। কমিশন প্রয়োজন মনে করলে আমরা তাদেরও একইভাবে সাহায্য করব। কমিশনকে অধিক কার্যকর করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
কমিশন সূত্র জানায়, বৈঠক বিকেল পৌনে চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলে।
এদিকে সকালে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে অধ্যাপক মোজাফফর আহমেদের নেতৃত্বে ‘সুশাসনের জন্য নাগরিক’--এর (সুজন) একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে মোজাফফর আহমেদ সাংবাদিকদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে মাঠ পর্যায়ে আন্দোলন গড়ে তুলতে সুজনের পক্ষ থেকে কমিশনকে সাহায্য করার বিষয়ে আলোচনা হয়েছে।”
বেলা ১২টার পর কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। তিনি সাংবাদিকদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী যে আন্দোলন চলছে তার প্রতি মিডিয়ার সমর্থনের বিষয়ে কথা বলেছি চেয়ারম্যানের সঙ্গে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেবো বলে জানিয়েছি।”
