২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে খোলাবাজারে চাল বিক্রি হলেও অনেকেই ফিরছেন খালি হাতে

সরকারের খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রমে (ওএমএস) পঞ্চগড়ে ব্যাপক সাড়া পড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেককেই ফিরে যেতে হচ্ছে খালি হাতে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মঙ্গল ও বুধবার জেলার বিভিন্ন বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৯ টায় চাল বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই সকাল ৬ টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রতিটি বিক্রয় কেন্দ্রেই ছিল ক্রেতাদের দীর্ঘ লাইন। যে কারণে একজন ডিলারের জন্য সরবরাহ করা ৫১০ কেজি চাল দু’এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়।

বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ফুলতলা বাজারেও মঙ্গলবার একই চিত্র দেখা গেছে।

সারের ডিলার ওসমান আলী জানান, সকাল ৯ টায় চাল বিক্রি শুরু হলেও অনেকেই খুব ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। লাইনের অর্ধেক মানুষ চাল পাবেন না বলে চালের পরিমাণ বাড়ানো অথবা সপ্তাহে তিনদিনের পরিবর্তে প্রতিদিন বিক্রি করার দাবিও জানান তিনি।

ডাঙ্গাপাড়া গ্রামের খালেক জানান, এর আগেও একদিন এসে ক্রেতা বেশি থাকায় তিনি চাল নিতে পারেননি।

এদিকে খোলাবাজারে চাল বিক্রির কারণে খুচরা বা পাইকারি বাজারে চালের মূল্যের ওপর কোন প্রভাব পড়েনি। তবে বেচাবিক্রি কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

পঞ্চগড় বাজারের খুচরা চাল বিক্রেতা কাউছার আলী জানিয়েছেন, ওএমএস কর্মসূচি শুরুর পর বাজারে চালের দাম কমেনি। বেচা--বিক্রি সামান্য কমেছে মাত্র।

জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলা সদর ও দুটি পৌরসভায় ১৩৩ জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি করা হচ্ছে। এদের মধ্যে রেশনিং করে সপ্তাহে তিন দিন চাল বিক্রি করা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন চালের অতিরিক্ত চাহিদার কথা স্বীকার করে জানিয়েছেন, সপ্তাহে তিনদিনের পরিবর্তে প্রতিদিন অথবা চালের পরিমাণ বাড়ানোর কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।