২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিদিশা

চেক অগ্রাহ্য (বাউন্স) হওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বুধবার দুপুরে ঢাকার পঞ্চম সহকারী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বিদিশা। এরশাদের একান্ত সচিব গোলাম রেজার দায়ের করা মামলায় তিনি জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

গোলাম রেজা ২০০৫ সালের ৩ আগষ্ট ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, গোলাম রেজাকে দুই কোটি ১৩ লাখ টাকা পরিশোধের জন্য বিদিশা ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংকের আটটি চেক দেন। কিন্তু ব্যাংকে ওই পরিমাণ টাকা জমা না থাকায় চেকগুলি নাকচ হয়।

মামলা দায়েরের পরদিনই ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ মামলায় ২০০৫ সালেই হাইকোর্ট থেকে জামিন নেন তিনি। এরপর বুধবার বিচারিক আদালত থেকে জামিন নিলেন।